স্পর্শকাতর স্থাপনার পাশে রেলের জমি জবরদখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুরে রেলওয়ের স্পর্শকাতর স্থাপনার পাশে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। এলাকার ভাঙারি ব্যবসায়ী আবদুল কাদের (৪০) প্রায় এক হাজার ২০০ বর্গফুট জায়গায় চারটি গুদামঘর তুলেছেন। এ ঘটনায় রেলওয়ের পূর্ত বিভাগ পার্বতীপুর রেলওয়ে থানায় (জিআরপি) একটি মামলা করে।

রেলওয়ের পার্বতীপুর পূর্ত বিভাগের জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী (এসএসএই) তহিদুর রহমান জানান, অনেকে রেলের জমিতে অবৈধ স্থাপনা গড়েছে। মানবিক কারণে এ থেকে হয়তো তাদের উচ্ছেদ করা হয় না। কিন্তু কোনো স্পর্শকাতর স্থান দখল করে সেখানে বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়লে যেকোনো সময় বড় ধরনের নাশকতার আশঙ্কা থাকে। কেননা এসব স্থানে বিভিন্ন ধরনের মানুষের আনাগোনা ঘটে। ওই আশঙ্কা থেকে মৌখিকভাবে দখলদার কাদেরকে স্থাপনা সরিয়ে নিতে বলা হয়। এতে কাজ না হওয়ায় গত ৩০ অক্টোবর পার্বতীপুর জিআরপি থানায় একটি মামলা করা হয়েছে। এত দিনেও পুলিশ অবৈধ স্থাপনা উচ্ছেদে কোনো ভূমিকা নেয়নি। তাই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

পার্বতীপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম লুৎফর রহমান বলেন, ‘উচ্ছেদের কাজ পুলিশের নয়, তবে উচ্ছেদকাজে নিরাপত্তা বিধানে পুলিশ সহযোগিতা করে। রেলের ভূ-সম্পত্তি বিভাগ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করলে আমরা তাদের সহযোগিতা করব।’

গত শনিবার সরেজমিনে দেখা যায়, পার্বতীপুর রেলস্টেশনের দক্ষিণ পাশে ওয়াশপিট থেকে ১০ গজ দূরে বড় এক খণ্ড জায়গা পুরোনো ড্রামশিটের বেড়া দিয়ে ঘেরা। এর ভেতরে চারটি গুদামঘর গড়ে উঠেছে। এসবে রাখা হয়েছে পুরোনো লোহালক্কড় ও মালামাল। একেকটি ঘর ১৫ ফুট বাই ২০ ফুট। এর পাশে রয়েছে রেলবহর (র‌্যাক) পরিচ্ছন্নতার ওয়াশপিট, ওভারহেড ট্যাংক ও টেলিযোগাযোগ টাওয়ার।

গুদামঘরে এক ব্যক্তিকে বসে থাকা অবস্থায় পাওয়া যায়। তিনি আবদুল কাদেরের ছোট ভাই গোলাম মোস্তফা (৩৫) বলে পরিচয় দেন। এ সময় তিনি জানান, আবদুল কাদের ২৭ হাজার টাকায় গামা নামের এক ব্যক্তির কাছ থেকে জমিটি কিনেছেন। এমন স্পর্শকাতর স্থাপনার পাশে কোনো অবৈধ স্থাপনা গড়ে তোলার সুযোগ নেই তা জানেন কি—জবাবে তিনি বলেন, ‘আমি কিছু জানি না।’

পরে আবদুল কাদের মুঠোফোনে রেলের জমি দখলের কথা স্বীকার করে বলেন, কয়েক হাজার মানুষ রেলের জমিতে বসবাস ও ব্যবসা-বাণিজ্য করছে। তাদের কিছু না হলে তাঁরও কিছু হবে না। অন্য কোনো কথা থাকলে বলতে পারেন।