স্পিডবোটে বাড়তি ভাড়া, ৪ জনকে কারাদণ্ড
মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে স্পিডবোটে বাড়তি ভাড়া আদায়ের দায়ে ৪ জনকে ৭ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান আহমেদ এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন মনির ব্যাপারী (৩৫), সিকিম আলী (৫৫), কামাল মোল্যা (৪০) ও মোশাররফ রহমান (৪৫)। এরা সবাই কাঁঠালবাড়ি ইউনিয়নের বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালতের সূত্র জানায়, ঈদ এলে স্পিডবোট ঘাটে যাত্রীদের জিম্মি করে ১২০ টাকা ভাড়ার পরিবর্তে ২০০ টাকা ভাড়া আদায় করে কাউন্টারে অবস্থানরত কয়েকজন কর্মী। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান আহমেদ বলেন, ‘স্পিডবোটে পদ্মা পাড়ি দিতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে চারজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করেছি। ঈদ শেষে ঢাকাগামী যাত্রীদের যেন কোনো ভোগান্তি পোহাতে না হয়, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীর অসংখ্য সদস্য ঘাটে টহলে রয়েছেন।’
গত মঙ্গলবার ঘাটে গিয়ে দেখা যায়, সরকারের নির্ধারিত লঞ্চ ও স্পিডবোট ভাড়ার তালিকার ওপর সাদা কাগজ সেঁটে লাল স্কচটেপ দিয়ে আটকে ঢেকে দেওয়া হয়েছে।