স্পিরিট পানে তরুণের মৃত্যু, অসুস্থ ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে রেকটিফাইড স্পিরিট পান করে বিষক্রিয়ায় এক তরুণের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়েছেন তিনজন। গতকাল রোববার রাতে ওই ব্যক্তির মৃত্যু হলেও আজ সোমবার বিকেলে গোপনে দাফন প্রক্রিয়ার সময় পুলিশ লাশ উদ্ধার করে। 

মৃত ব্যক্তি ও অসুস্থদের পরিবার সূত্রে জানা যায়, গতকাল রাতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় উপজেলার রনবিরবালা গ্রামের দুলাল মিয়া (২২)। অসুস্থ হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে উপজেলার মামুরশাহী গ্রামের মিনহাজ উদ্দিন (২৮)। গোপনে চিকিৎসা নেওয়া অন্য দুজন হলেন উপজেলার বাগড়া চকপোতা গ্রামের আমিরুল ইসলাম (২৫) ও পল্লীবাস গ্রামের মো. রতন (২৪)।
মৃত দুলালের ভাই মোতাহার আলী বলেন, রোববার রাত নয়টার দিকে দুলাল রেকটিফাইড স্পিরিট পান করে বাড়ি ফিরে এলে অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাঁরা দুলালকে চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মারা যান।
অসুস্থ মিনহাজের স্ত্রী নার্গিস বেগম বলেন, রোববার রাত আটটায় উপজেলার সাধুবাড়ী পাকার মাথার একটি ঘরে তাঁর স্বামীসহ অপর তিনজন মিলে রেকটিফাইড স্পিরিট পান করেন।
শেরপুর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) আলহাজ উদ্দিন বলেন, এই ঘটনায় আজ বিকেলে রনবিরবালা গ্রামে দুলালের লাশ গোপনে দাফনের প্রক্রিয়া চলছিল। সংবাদ পেয়ে বিকেল সাড়ে চারটায় নিহতের লাশ তাঁর বাড়ি থেকে উদ্ধার ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।