স্পোর্টিং ক্লাবে বসে জুয়ার আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লাবের নাম ‘আলোকিত স্পোর্টিং ক্লাব’। দরজায় সাঁটানো রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। আর এর ভেতরে চলে জুয়ার আসর।
এলাকাবাসীর অভিযোগ, অবৈধ বিদ্যুৎ-সংযোগ নিয়ে রাজশাহী নগরের বাজে কাজলা এলাকার এই ক্লাবসহ আরও কয়েকটি স্থানে জুয়ার আসর চললেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয় না। পুলিশের সঙ্গে রাতে জুয়াড়িদের আলাপচারিতা চোখে পড়ে।
বাজে কাজলা এলাকাটি রাজশাহী নগরের ২৪ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। এ এলাকার ভেতর দিয়ে চলে গেছে রাজশাহী শহর রক্ষা বাঁধ। এই বাঁধের ঠিক দক্ষিণ পাশেই পরপর দুটি প্রতিষ্ঠান। একটি আলোকিত স্পোর্টিং ক্লাব এবং অপরটি ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ের শাখা। দুটি প্রতিষ্ঠানেরই ইটের দেয়াল ও ওপরে টিনের ছাউনি রয়েছে। দুটিতেই অবৈধ বিদ্যুৎ-সংযোগ দেওয়া রয়েছে।
অভিযোগ রয়েছে, সাইনবোর্ডের সঙ্গে প্রতিষ্ঠান দুটির কাজের কোনো মিল নেই। একটির নামের সঙ্গে খেলাধুলার বিষয়টি থাকলেও তারা জুয়া খেলা ছাড়া অন্য কোনো ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে না। অপরটি রাজনৈতিক কার্যালয় হলেও সেখানে কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করা হয় না। দুটিতেই সমানে চলে জুয়ার আসর।
গত শুক্রবার সন্ধ্যায় সেখানে গিয়ে দেখা যায়, আলোকিত স্পোর্টিং ক্লাবে মাইক টাঙিয়ে বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ বাজানো হচ্ছে। ভেতরে উঁকি দিয়ে দেখা গেছে, ঘরের মাঝখানে একটি পর্দা টানানো। পর্দার অপর পাশে একটি বিছানা পাতা। সেখানেই চলছে জুয়ার আসর।
স্থানীয় লোকজন জানান, এই জুয়ার আসরে সর্বস্ব খুইয়ে নগরের হাদির মোড় এলাকার শিমুল নামের এক ব্যক্তি নিজের মুঠোফোনটি টাকার জন্য একজনের জিম্মায় রাখেন। ওই টাকা নিয়ে জুয়ার আসরের দেনা শোধ করেন। পরে মুঠোফোনের জামানতের টাকার জন্য তিনি গত বৃহস্পতিবার দিবাগত রাতে নগরের রেলগেট এলাকায় ছিনতাই করতে গিয়ে চাকুসহ জনতার হাতে ধরা পড়েন। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।
বোয়ালিয়া থানার ওসি আবদুস সোবহান বলেন, ছিনতাই করলেও যাঁরা তাঁকে ধরেছিলেন, তাঁরা কেউ বাদী হতে চাননি। এ জন্য তাঁকে চুরির মামলায় শুক্রবারেই জেলহাজতে পাঠানো হয়েছে।
ওয়ার্ড আওয়ামী লীগের শাখা কার্যালয়ে গিয়ে দেখা যায়, দলীয় কার্যালয় হলেও সেখানে জাতীয় শোক দিবসের কোনো কর্মসূচিই পালন করা হচ্ছে না। তবে ভেতরে ঠিকই জুয়ার আসর চলছিল।
৩ আগস্ট রাজশাহীতে জুয়া খেলা নিয়ে ওই এলাকার দুই মহল্লার লোকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। বাধা দিতে গেলে হামলাকারীরা পুলিশের ওপর ককটেল নিক্ষেপ করে। এ ঘটনায় সাদ্দাম নামের এক ব্যক্তি গুরুতর আহত হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়টি পরে রাতে থানায় বসে মীমাংসা করে দেওয়া হয়।
ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর আরমান আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।
সাবেক মেয়র ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ এইচ এম খায়রুজ্জামান বলেন, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে জুয়ার আসর চালালে তো তাঁদের সুনাম নষ্ট হচ্ছে। এর আগে নগরের কাঁঠালবাড়িয়া ও নওদাপাড়া এলাকার অভিযোগ তিনি পেয়েছেন। তিনি নিজে ওই এলাকায় গিয়ে আসর বন্ধ করে দিয়েছেন এবং স্থানীয় নেতাদের এ ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখার জন্য বলে এসেছেন।