স্বজন ও চিকিৎসকদের মারামারি, সেবা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষানবিশ চিকিৎসকেরা ধর্মঘট ডাকায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা কার্যক্রম গতকাল বৃহস্পতিবার প্রায় সাড়ে চার ঘণ্টা বন্ধ ছিল।
অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ এনে শিক্ষানবিশ চিকিৎসকদের সঙ্গে স্বজনদের মারামারি ও ভাঙচুরের জেরে এ ঘটনা ঘটে।
পিরোজপুরের ভান্ডারিয়া থেকে রানী বেগম নামের এক গৃহবধূকে আশঙ্কাজনক অবস্থায় ৬ অক্টোবর রাতে হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয়। গতকাল সকাল পৌনে সাতটায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
রানী বেগমের স্বজন মো. জাকারিয়া অভিযোগ করেন, রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁরা চিকিৎসকদের ডাকতে গিয়েছিলেন। কিন্তু কোনো চিকিৎসক আসেননি। চিকিৎসকদের অবহেলার কারণেই রানীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় সেবিকা ও চিকিৎসকদের সঙ্গে তাঁদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে চিকিৎসকেরা তাঁদের মারধর করে তিনজনকে আটকে রাখেন।
হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসক আসিফ উদ্দিন খানের দাবি, ক্লিনিকে অস্ত্রোপচার করানো ওই রোগীকে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়। বিষয়টি তাঁর স্বজনদের জানানো হয়েছে। গতকাল সকালে রোগীর অবস্থা খারাপ হলে তাঁরা চিকিৎসকদের ডাকতে যান। কিন্তু তখন চিকিৎসকেরা ছিলেন অস্ত্রোপচার কক্ষে। তাই তাঁরা যেতে পারেননি। একটু পর চিকিৎসকেরা গেলে রোগীর স্বজনেরা কর্তব্যরত সেবিকা, শিক্ষানবিশ চিকিৎসক মো. শিহাব ও মো. মাহিয়ানের ওপর হামলা চালান। এ সময় তাঁরা ভাঙচুরও করেন। বিষয়টি অন্য চিকিৎসকেরা জানতে পেরে রোগীর তিন স্বজনকে আটকে রাখেন। একপর্যায়ে হাসপাতালের জরুরি বিভাগে তালা দিয়ে ধর্মঘটের ডাক দেন চিকিৎসকেরা। পরে কর্তৃপক্ষের হস্তক্ষেপে ধর্মঘট প্রত্যাহার করা হয়।
হাসপাতালের পরিচালক নিজামউদ্দিন ফারুক বলেন, তিনি বর্তমানে ঢাকায় আছেন। বিষয়টি মীমাংসার জন্য সার্জারি বিভাগের প্রধান এ এম এস এম সারফুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়েছে।
অধ্যাপক সারফুজ্জামান জানান, চিকিৎসকেরা ধর্মঘট প্রত্যাহার করার পর বেলা সাড়ে ১১টায় চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন বলেন, আটক মো. জাকারিয়া, মো. মোস্তাক হাওলাদার ও হাসিনা বেগমের বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।