স্বজনদের কাছে পাঁচজনের লাশ হস্তান্তর
রাঙামাটির বাঘাইছড়িতে সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলিতে নিহত পাঁচজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের পর আইনি প্রক্রিয়া শেষে গতকাল রোববার দুপুরে লাশ নিয়ে যান স্বজনেরা।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন প্রথম আলোকে জানান, খাগড়াছড়ি সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত হয়। স্বজনেরা হাসপাতালে এসে লাশ শনাক্ত করেন। পরে লাশ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।
গত শুক্রবার রাতে বাঘাইছড়ি উপজেলার রূপকারী ইউনিয়নের বড় আদাম গ্রামের দুটি বাড়িতে ২০ জন সশস্ত্র সন্ত্রাসী অবস্থানের তথ্য পায় সেনাবাহিনী। শনিবার ভোরে বাঘাইহাট জোনের অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার সিদ্দিকীর নেতৃত্বে সেনাসদ্যস্যরা সেখানে গেলে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। এ সময় সেনাসদস্যরাও পাল্টা গুলি ছুড়লে পাঁচ সন্ত্রাসী নিহত হয়। তারা হলো খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার মিলপাড়া গ্রামের তাতু ত্রিপুরা ও মাটিরাঙ্গা উপজেলার গুইমারা ইউনিয়নের মাস্টারপাড়ার খোকন ত্রিপুরা, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা সদরের বালুখালী গ্রামের কিরণ চাকমা, একই উপজেলার সাজেক ইউনিয়নের ডিপোপাড়ার বাবুল চাকমা ও নানিয়ারচর উপজেলার বড়কুলপাড়ার রুবেল চাকমা। তবে তারা প্রত্যেকে একাধিক নামেও পরিচিত।
নিহত রুবেল চাকমার বাবা দীপায়ন চাকমা জানান, পাঁচ মাস আগে ছেলের সঙ্গে তাঁর ঝগড়া হয়। এরপর রুবেল বাড়ি থেকে চলে যায়। পরিবারের কারও সঙ্গে ছেলের যোগাযোগ ছিল না। শনিবার তিনি ছেলে নিহত হওয়ার খবর পান। খাগড়াছড়ি থেকে ছেলের লাশ গ্রহণ করতে বলা হয় তাঁকে। গতকাল হাসপাতাল থেকে তিনি ছেলের লাশ বুঝে নেন।