স্বজনেরা উদ্ভ্রান্ত
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহমেদুর রশীদ চৌধুরী ওরফে টুটুলের মাথায় হাত বুলাচ্ছিলেন তাঁর স্ত্রী শামীম রুনা। চোখ গড়িয়ে তখন পানি ঝরছিল তাঁর। বলছিলেন, তাঁর স্বামীকে হুমকি দেওয়া হচ্ছিল। এ ছাড়া নানাভাবে ভয়ভীতি দেখানো হতো। হুমকির কারণে আট মাস আগে থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছিলেন। তাতেও রক্ষা হয়নি। তাঁর স্বামীকে মেরে ফেলার জন্য হামলা করা হলো। প্রথম আলোর কাছে গতকাল শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এভাবেই বলছিলেন শামীম।
শামীম রুনা বলেন, বেলা ২টা ১০ মিনিটেও তাঁর স্বামীর সঙ্গে কথা হয়। ১৫-২০ মিনিট পর আবার ফোন করলে তখন আর ফোন ধরেন না। তাঁকে আগে থেকেই অনুসরণ করা হচ্ছিল। এ জন্য ফোন না ধরলেই ভয় লাগত। এর মধ্যেই অফিসের পিয়ন ফোন করে হামলার ঘটনা জানান। পরে জানতে পারেন, এলাকাবাসী ও পুলিশ তাঁর স্বামীসহ তিনজনকে হাসপাতালে নিয়ে আসেন। এরপর মোহাম্মদপুরের বাসা থেকে হাসপাতালে আসেন। স্বজনেরা জানান, টুটুলের বাড়ি সিলেট শহরের মিরের ময়দান এলাকায়। তাঁর দুই মেয়ে।
‘যারে যারে কোপাইছে কেউ কি বাঁচছে?’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১০১ নম্বর ওয়ার্ডের একটি বেডের ওপর শুয়ে ছিলেন মোজাহেরা বেগম। তারেক রহিমের মা। আমরা ডাকতেই উঠে বসলেন। প্রৌঢ়া এই মায়ের তখন উদ্ভ্রান্ত অবস্থা। ওই বেডে শুয়ে ছিলেন ছেলে তারেকও। একটু আগে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে সিটি স্ক্যান করার জন্য। তাঁর মাথায় আঘাত গুরুতর। শরীরে গুলিও লেগেছে। মায়ের মনে তাই গভীর শঙ্কা। কথা বলার মতো অবস্থা তাঁর ছিল না।
তারপরও প্রথম আলোর সাংবাদিক শুনে বললেন, বিকেলের দিকে অপরিচিত কেউ তাঁকে ফোন করে বারবার জিজ্ঞেস করছিলেন তিনি তারেকের মা কি না। তিনি প্রতিবারই বলেন, ‘হ্যাঁ, আমিই তারেকের মা’। কিন্তু ফোন যিনি করছিলেন তিনি তাঁর কথা বোধ হয় শুনতে পাচ্ছিলেন না। তাই ফোনটা তিনি দেন বড় ছেলে আদেলের হাতে। তারপর তো সোজা চলে আসেন হাসপাতালে। আশ্বস্ত করার জন্য আমরা তাঁকে বললাম, তারেক ভালো আছে। কোনো চিন্তা করবেন না। এই কথা শুনে মায়ের মনের শঙ্কা যেন আরও গভীর হলো। বললেন, এখন পর্যন্ত ‘যারে যারে কোপাইছে, কেউ কি বাঁচছে?’
এ সময় সেখানে চলে আসেন তারেকের চাচাতো ভাই ইফতেখার হোসেন চৌধুরী। তিনি বলেন, তারেক পেশায় প্রকৌশলী। একটি কম্পিউটার প্রতিষ্ঠানে কাজ করেন। টুটুল তাঁর বন্ধু। সেখানে তাই নিয়মিত যাতায়াত ছিল। গতকালও সেখানে গিয়েছিলেন বন্ধুর সঙ্গে দেখা করতে। হয়তো কোনো কাজে কিংবা কিছুটা সময় কাটাতে। গিয়ে ঘটনার শিকার হয়েছেন। ইফতেখার বললেন, তাঁর মনে হচ্ছে আহত তিনজনের মধ্যে তারেকের অবস্থা বেশি খারাপ। তবে চিকিৎসকেরা বলেছেন, খুব শঙ্কিত হওয়ার কিছু নেই। তারপরও দুশ্চিন্তা তো থাকেই।
সবার সুস্থতা ও হামলার বিচার চায় প্রান্তিক
সুদীপ কুমার রায় বর্মণ ওরফে রণদীপম বসু, পেশায় ব্যাংকার। গ্রামীণ ব্যাংকের প্রিন্সিপাল অফিসার। লেখালেখি তাঁর নেশা। দর্শন, বিশেষ করে ভারতীয় দর্শন তাঁর লেখালেখির প্রধান বিষয়। চার্বার্কের খোঁজে তাঁর প্রকাশিত আলোচিত বই।
গতকাল লালমাটিয়ায় শুদ্ধস্বর কার্যালয়ে প্রকাশকের কাছে গিয়েছিলেন আরেকটি বই প্রকাশের বিষয়ে আলোচনার জন্য। আগামী একুশের বইমেলায় প্রকাশিত হওয়ার কথা সেই বই। কিন্তু বর্বর হামলার শিকার হয়ে যেতে হয়েছে হাসপাতালে।
গতকাল রাতে হাসপাতালের বেডে শোয়া রণদীপমের সঙ্গে কথা বলার আগে খোঁজ নিই তাঁর পরিবারের। স্ত্রী ও এক ছেলে প্রান্তিককে নিয়ে তাঁর ঢাকার সংসার। স্ত্রী কিছুটা অসুস্থ। কথা হয় নবম শ্রেণির ছাত্র প্রান্তিকের সঙ্গে। একটা কথাই প্রান্তিক বলেছে প্রথম আলোকে, ‘হামলায় আহত সবাই সুস্থ হয়ে উঠুন। আর হামলাকারীদের বিচার হোক।’
এর কিছুক্ষণ পর কথা হয় রণদীপমের সঙ্গে। তিনি বলেন, বেলা আড়াইটার দিকে তিনি বই প্রকাশ নিয়ে শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশীদ ওরফে টুটুলের সঙ্গে কথা বলছিলেন। এ সময় কয়েকজন আচমকা তাঁদের ওপর এলোপাতাড়ি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে। একপর্যায়ে একটি গুলিও করে। খুব অল্প সময়ের মধ্যে হামলাকারীরা পালিয়ে যায়। তাঁরা তিনজনই শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগে মেঝেতে লুটিয়ে পড়েন। অনেক কষ্টে উঠে দরজা খোলার চেষ্টা করেন। কিন্তু বাইরে থেকে লাগানো থাকায় দরজা খুলে বের হতে পারেননি।
রণদীপম বলেন, প্যান্টের পকেট থেকে মোবাইল ফোনটি বের করার চেষ্টা করেন। হাত অনেকখানি কেটে যাওয়ায় পকেটে ঢোকাতে পারছিলেন না। পরে ডান হাতের একটি আঙুল কেটে গেলেও ওই হাতটি কষ্ট করে পকেটে ঢুকিয়ে মোবাইল ফোনটি বের করেন। এরপর পরিচিতজনদের ফোন করে পুলিশকে দিয়ে তাঁদের উদ্ধার করাতে বলেন। এরপর পুলিশ এসে তাঁদের উদ্ধার করে।
রণদীপমের বিছানার পাশে বসে থাকা তাঁর এক আত্মীয় বলেন, হামলার খবর শুনে সুদীপের স্ত্রী শুধু কাঁদছেন। তিনি হাসপাতালে আসতে চাইলেও তাঁকে বারণ করা হয়। হাসপাতাল সূত্র বলেছে, ধারালো অস্ত্রের আঘাতে সুদীপের মাথা, দুই হাত, বাঁ পা ও ঘাড় জখম হয়েছে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, আহত তিনজনের আঘাতই গুরুতর। তবে সুদীপের অবস্থা কিছুটা ভালো।