ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল বুধবার রাতে রক্ত পরীক্ষা নিয়ে কথা-কাটাকাটির জের ধরে হাসপাতালের কর্মচারীদের সঙ্গে রোগীর স্বজনদের পাল্টাপাল্টি হামলায় পাঁচজন আহত হয়েছেন। এ সময় ব্লাড ব্যাংকের কাচ ভাঙচুর করা হয়।
পুলিশ ও হাসপাতাল সূত্র বলেছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক নারীর জন্য তাঁর ছেলে লুৎফর রহমান হাসপাতালের নতুন ভবনের দোতলায় রক্ত নিয়ে পরীক্ষা করাতে যান। এ সময় কর্তব্যরত টেকনিশিয়ান দেলোয়ার হোসেনের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে লুৎফর ও তাঁর সঙ্গে থাকা লোকজন হাসপাতালের কর্মচারী দেলোয়ারকে মারধর করেন। এ সময় তাঁরা ব্লাড ব্যাংকের কাচের দরজাও ভাঙচুর করেন। এরপর হাসপাতালের কিছু কর্মী ও আনসার সদস্যরা মিলে লুৎফর ও তাঁর সঙ্গীদের পেটান। এতে লুৎফর ও তাঁর ভাই এবং তাঁদের সঙ্গে আসা জাহিদ ও সাফি আহত হন। তাঁরা নিজেদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে পরিচয় দিয়েছেন। আহত পাঁচজনকে ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যায়।