নোয়াখালীর হাতিয়ার নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার পাল্টাপাল্টি হামলার ঘটনায় স্বতন্ত্র প্রার্থীসহ দুজন আহত হয়েছেন।
হামলায় আহত স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম ছারওয়ার ও আওয়ামী লীগের প্রার্থীর কর্মী মো. সালাউদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ছারওয়ার আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী সাইফুল ইসলামের শ্যালক।
স্থানীয় সূত্রের ভাষ্যমতে, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগের প্রার্থী মেহরাজ উদ্দিনের কর্মী মো. সালাউদ্দিনকে শতফুল বাজারে পিটিয়ে আহত করেন ‘বিদ্রোহী’ প্রার্থী সাইফুল ইসলামের কর্মীরা। এ ঘটনার ঘণ্টা খানেক পর মেহরাজ উদ্দিনের কর্মীরা বন্দরটিলা বাজারে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থীর শ্যালক স্বতন্ত্র প্রার্থী গোলাম ছারওয়ারকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেন। এ ঘটনার জের ধরে ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকেরা জড়ো হয়ে বন্দরটিলা বাজার এলাকায় মেহরাজ উদ্দিনের বাড়িতে হামলার চেষ্টা চালান। খবর পেয়ে পুলিশ হামলার চেষ্টাকারীদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়।
মেহরাজ উদ্দিন বলেন, ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকেরা কোনো কারণ ছাড়াই তাঁর কর্মী সালাউদ্দিনকে শতফুল বাজারে মারধর করেন এবং কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালান। তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থী গোলাম ছারওয়ারকে কে মেরেছে, তা তিনি জানেন না।
‘বিদ্রোহী’ প্রার্থী সাইফুল ইসলাম বলেন, তাঁর শ্যালক স্বতন্ত্র প্রার্থী গোলাম ছারওয়ার নির্বাচনী প্রচারে বন্দরটিলা এলাকায় গেলে মেহরাজ উদ্দিনের লোকজন তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে মারাত্মকভাবে আহত করেন।
এদিকে চরকিং ইউনিয়নের সংরক্ষিত নারী ওয়ার্ডের (১, ২, ৩) সদস্য পদপ্রার্থী কোকিল রানী দাস অভিযোগ করেন, গত বুধবার সন্ধ্যায় তাঁর নির্বাচনী প্রচার মাইক ভাঙচুর করেছে একদল যুবক। যুবকেরা এ সময় তাঁর নির্বাচনী পোস্টার ছিনিয়ে নিয়ে যায়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছিরুল হক বলেন, নির্বাচনী প্রচারণা চালানোর সময় নিঝুম দ্বীপে দুপক্ষ মুখোমুখি হয়ে যায়। এ সময় একজনকে মারধর করা হয়। তিনি বলেন, মাইক ভাঙচুর ও পোস্টার ছিনিয়ে নেওয়ার বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি।