স্বতন্ত্র প্রার্থীর কর্মী ও সমর্থকদের মারধর
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গতকাল রোববার আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সশস্ত্র হামলায় স্বতন্ত্র প্রার্থীর ১০ জন কর্মী ও সমর্থক আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। একই দিন চাঁদপুরের কচুয়ায় চেয়ারম্যান প্রার্থী মনোনয়নের বর্ধিত সভায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
এ ছাড়া রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নে গতকাল দুপুরে এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মারধরের ঘটনা ঘটে। প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কুষ্টিয়া: জেলার দৌলতপুরের আড়িয়া ইউনিয়নের লালনগর গ্রামে নৌকা প্রার্থীর সমর্থকদের সশস্ত্র হামলায় স্বতন্ত্র প্রার্থীর অন্তত ১০ জন কর্মী ও সমর্থক আহত হন। এ সময় হামলাকারীরা বাড়িঘর, চায়ের দোকান ও মোটরসাইকেল ভাঙচুর করে এলাকার মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করে। কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, ওই ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি তারিক আল মামুনের কর্মী ও সমর্থকেরা গতকাল দুপুরে লালনগর বাজারে অবস্থান করছিলেন। এ সময় আওয়ামী লীগের প্রার্থী সাইদ আনছারী ওরফে বিপ্লবের ১৫-২০ জন অনুসারী সশস্ত্র অবস্থায় মোটরসাইকেলে করে এসে তাঁদের ওপর হামলা করেন। এ সময় তাঁরা তারিক আল মামুনের কর্মী-সমর্থকদের রড দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। পরে আওয়ামী লীগের প্রার্থীর লোকজন আড়িয়া ও ঘোগাবাজারে হামলা চালিয়ে একই কায়দায় তারিক আল মামুনের লোকজনের ওপর হামলা এবং তাঁদের বেধড়ক মারধর করেন। এ সময় হামলাকারীরা তিনটি বাড়ি, তিনটি চায়ের দোকান ও একটি মোটরসাইকেল ভাঙচুর করেন।
আওয়ামী লীগের প্রার্থী সাইদ আনছারী বলেন, ‘হামলার অভিযোগ সত্য নয়। স্বতন্ত্র প্রার্থীর কাজই অভিযোগ করা। বরং আমার লোকদেরই মারধর করা হচ্ছে।’
চাঁদপুর: জেলার কচুয়ার রহিমানগর বাজারে গতকাল দুপুরে নির্বাচনী বর্ধিত সভায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ইউপি চেয়ারম্যানসহ অন্তত ১২ জন আহত হন।
আহত ব্যক্তিদের মধ্যে গোহাট (দক্ষিণ) ইউনিয়নের চেয়ারম্যান মো. আমির হোসেন, ইউনিয়ন যুবলীগের নেতা টিটু ও ফকরুলের নাম জানা গেছে। অন্যদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা বলেন, গোহাট ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মনোনীত করতে বর্ধিত সভার আয়োজন করা হয়। সভায় বর্তমান চেয়ারম্যান আমির হোসেন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেনের খালাতো ভাই সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহরিয়ার শাহীনের সঙ্গে কথা-কাটাকাটি হয়। এ সময় দুই পক্ষের নেতা-কর্মীরা চেয়ার ছোড়াছুড়ি শুরু করেন। পরে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
রাজবাড়ী: জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নে গতকাল দুপুরে এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মারধরের ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান খান বিগত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করেন। তিনি তখন উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। সে সময় তাঁকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। অন্যদিকে বর্তমান চেয়ারম্যান রেজাউল করিম বিএনপির উপজেলা কমিটির সাংগঠনিক পদে থাকা অবস্থায় তখন নির্বাচনে বিজয়ী হন। বছর খানেক আগে তিনি আওয়ামী লীগে যোগ দেন। এবার তিনি দলীয় মনোনয়ন লাভ করেন। গতকাল খলিলুর রহমান মনোনয়নপত্র দাখিল করে তাঁর সমর্থকদের নিয়ে শোডাউন করছিলেন। আর রেজাউল করিম তাঁর বাড়ির সামনে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। দুপুর সোয়া ১২টার দিকে খলিলের গাড়িবহর বর্তমান চেয়ারম্যানের বাড়ি অতিক্রম করছিল। এ সময় খলিলের কয়েকজন সমর্থক ও চালককে মারধর করেন আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা।