ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে গত রোববার দুজন স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর ও নির্বাচনী কার্যালয়ে হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে একজন প্রার্থীর কয়েকজন সমর্থক আহত হন এবং সাতটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
ওই দুই প্রার্থী হলেন গৌরীপুর উপজেলা বিএনপির একাংশের যুগ্ম আহ্বায়ক আজিজুল হক ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক নাজনীন আলম।
পুলিশ, স্থানীয় বাসিন্দা ও ওই দুই প্রার্থীর অভিযোগ সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যার পর স্বতন্ত্র প্রার্থী আজিজুল হক ভাংনামারি ইউনিয়ন থেকে গণসংযোগ করে কর্মীদের নিয়ে কলতাপাড়া বাজারে যাচ্ছিলেন। পথে ডৌহাখলা মোড়ে আওয়ামী লীগের কর্মীরা তাঁদের ওপর হামলা চালান। এ সময় কামাল উদ্দিন, মো. জিয়া, জিয়াউর রহমান, মো. সিদ্দিকসহ আজিজুল হকের ছয়জন সমর্থক আহত হন। হামলাকারীরা সাতটি মোটরসাইকেল ভাঙচুর করেন। একই রাতে গৌরীপুর পৌর শহরের উত্তর বাজারে অপর স্বতন্ত্র প্রার্থী নাজনীন আলমের নির্বাচনী কার্যালয়ে আওয়ামী লীগের কর্মীরা হামলা চালান। সেখানে তাঁরা চেয়ার-টেবিল ভাঙচুর করেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধু ভূষণ দাস বলেন, আজিজুল হক বিএনপির পদধারী নেতা। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাঁর দলের কর্মীরা ক্ষুব্ধ। তাঁরাই ওই হামলা করেছেন। আর নাজনীন আলমের কার্যালয় ভাঙচুরের অভিযোগ সত্য নয়।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ বলেন, এসব ঘটনায় গতকাল সোমবার দুপুর পর্যন্ত থানায় অভিযোগ আসেনি।
গত ২ মে গৌরীপুর আসনের সাংসদ মজিবুর রহমান ফকির হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান। আগামী ১৮ জুলাই এ আসনে উপনির্বাচন হবে। নির্বাচনে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে আওয়ামী লীগের প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন আহমেদ। এ ছাড়া জাতীয় পার্টির শামসুজ্জামান, ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) আবদুল মতিন ও ইসলামী ঐক্যজোটের আবু তাহের খান প্রতিদ্বন্দ্বিতা করছেন।