স্বতন্ত্র প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারার আউচপাড়া ইউনিয়ন পরিষদে (ইউপি) আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর বাড়িঘরে হামলা ও ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে।
গত বুধবার রাতের এ হামলার ঘটনায় স্বতন্ত্র প্রার্থীসহ তিনজন আহত হন। তাঁদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। স্বতন্ত্র প্রার্থীর স্ত্রী ফরিদা ইয়াসমিন বাদী হয়ে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থীকে প্রধান আসামি করে ২১ জনের বিরুদ্ধে বাগমারা থানায় মামলা করেছেন।
চতুর্থ দফায় আউচপাড়া ইউপিতে ভোট হবে ৭ মে। গতকাল বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
দলীয় সূত্রে জানা যায়, আউচপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ইউনিয়ন শাখার সভাপতি সরদার জান মোহাম্মদকে মনোনয়ন দেওয়া হয়। দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেন।
এজাহার, পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রের বিবরণ অনুযায়ী, বুধবার সন্ধ্যায় স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলামের মঙ্ড়ে হাটগাঙ্গোপাড়া বাজারে আওয়ামী লীগের প্রার্থী সরদার জান মোহাম্মদের বিদ্রোহী প্রার্থী হয়ে মোটরসাইকেল মহড়া দেওয়া নিয়ে বাগ্বিতণ্ডা হয়। রাতে আওয়ামী লীগের প্রার্থী তাঁর লোকজন নিয়ে শহিদুলের বাড়িতে হামলা চালান।