স্বতন্ত্র প্রার্থীর মিছিলে হামলা, গুলিবিদ্ধ ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেব রামপুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জামাল মোল্লার সমর্থকদের মিছিলে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জামাল মোল্লার চাচাতো ভাই বাবুল মোল্লা (৪৫) গুলিবিদ্ধ হন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার আন্ডারচর গ্রামে এ ঘটনা ঘটেছে। 

স্বতন্ত্র প্রার্থী জামাল মোল্লা অভিযোগ করেন, ‘আন্ডারচর গ্রামে আমার কর্মীরা মিছিল করছিলেন। মিছিলের পেছন দিক থেকে হামলা করা হয়। আওয়ামী লীগের প্রার্থী সেলিম সরদারের কর্মীরা এ হামলা চালান। হামলায় আমার চাচাতো ভাই বাবুল গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।’
কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাকিবুজ্জামান বলেন, ‘ওই ব্যক্তির আঘাতটা গুরুতর। পায়ে আঘাত লেগেছে। আঘাতের ধরন দেখে মনে হয়েছে তিনি গুলিবিদ্ধ হয়েছেন।’
এ ব্যাপারে কথা বলতে সেলিম সরদারের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।
কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। ওই ব্যক্তির পায়ের আঘাত গুলি কি না, তা নিশ্চিত হতে পারিনি।’