স্বতন্ত্র সাংসদ অতিথি, তাই আ.লীগের কর্মীদের হামলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে গতকাল শনিবার দুর্বৃত্তদের হামলায় দুটি অনুষ্ঠান পণ্ড হয়ে গেছে। অনুষ্ঠান দুটিতে ফেনী-৩ আসনের স্বতন্ত্র সাংসদ রহিম উল্যার অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল।
সাংসদ রহিম উল্যা এই হামলার জন্য আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীদের দায়ী করেছেন। তবে আওয়ামী লীগ বলছে, সাংসদের ‘অপকর্মে’ ক্ষুব্ধ ব্যক্তিরা ওই ঘটনা ঘটিয়েছেন।
সাংসদ রহিম উল্যা অনুষ্ঠানস্থলে যাওয়ার আগে এসব হামলার ঘটনা ঘটে।
স্থানীয় কৃষি বিভাগ সূত্র জানায়, গতকাল সকালে প্রণোদনা হিসেবে উপজেলার প্রায় দেড় হাজার আউশ ধান চাষির মধ্যে বিনা মূল্যে সার, বীজ ও অর্থ বিতরণের কথা ছিল। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের আয়োজন করা হয় উপজেলা পরিষদ মিলনায়তনে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল স্থানীয় সাংসদ রহিম উল্যার।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সাংসদ রহিম উল্যা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন—এমন খবরে সকাল ১০টার দিকে আওয়ামী লীগ ও যুবলীগের ২০-২৫ জন নেতা-কর্মী লাঠিসোঁটা নিয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে হাজির হন। এ সময় তাঁরা বেশ কিছু চেয়ার ও মাইক ভাঙচুর করেন এবং অনুষ্ঠানের ব্যানার ছিঁড়ে ফেলেন। হামলাকারী ব্যক্তিরা কৃষি উপকরণ নিতে আসা কৃষকদেরও ধাওয়া দেন। এ সময় তাঁদের মারধরে সাংসদ রহিম উল্যাহর পাঁচ সমর্থক আহত হন। তাঁরা হলেন নিজাম উদ্দিন (৩৭), আবদুল হালিম সোহেল (৩২), বেলাল (৪০), দুলাল (৩৫) ও আবদুল করিম (৩৮)। আহত ব্যক্তিদের মধ্যে দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। অন্যরা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আকরাম হোসেন অনুষ্ঠানস্থলে একদল দুর্বৃত্তের হামলা ও ভাঙচুর এবং অনুষ্ঠান পণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সাংসদ রহিম উল্যা উপজেলা স্বাস্থ্য সেবা কমিটির সভায় যোগ দেবেন—এমন খবরে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলযোগে আওয়ামী লীগের ২০-২৫ জন কর্মী সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শোরগোল শুরু করেন। এ সময় চিকিৎসা নিতে আসা রোগীরা ভয়ে পালিয়ে যান। ওই ব্যক্তিরা স্বাস্থ্যসেবা কমিটির সভা না করতে চিকিৎসকদের হুমকি দিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ছারোয়ার জাহান দুর্বৃত্তদের হামলার সত্যতা নিশ্চিত করে জানান, এই পরিস্থিতিতে তিনি সভা স্থগিত করে দেন। তিনি জানান, স্থানীয় সাংসদ স্বাস্থ্যসেবা কমিটির সভাপতি।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন বলেন, কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠান ও স্বাস্থ্যসেবা কমিটির সভাকে কেন্দ্র করে কিছু যুবকের হামলার ঘটনা শুনে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সাংসদ রহিম উল্যা অনুষ্ঠান পণ্ডের জন্য উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক ওরফে হিরণসহ আওয়ামী লীগ এবং যুবলীগের নেতা-কর্মীদের দায়ী করেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ওই হামলার সঙ্গে আওয়ামী লীগের কর্মীরা জড়িত নন। তিনি বলেন, সাংসদ ও তাঁর আত্মীয়-স্বজনদের নানা অপকর্মে ক্ষুব্ধ ব্যক্তিরাই ওই হামলা চালিয়েছেন।
প্রসঙ্গত, বেশ কিছু দিন ধরে ফেনী-৩ আসনের স্বতন্ত্র সাংসদ রহিম উল্যার সঙ্গে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে বিরোধ চলে আসছে।