স্বতন্ত্র সাংসদের গাড়িবহরে হামলা আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে স্বতন্ত্র সাংসদ রহিম উল্যার গাড়িবহরে আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলা সদরের জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় সাংসদের পাঁচ সমর্থক আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে বহরে থাকা চারটি গাড়ি।
তবে সাংসদের গাড়িবহরে হামলার ঘটনায় আওয়ামী লীগ ও যুবলীগ জড়িত নয় বলে নেতারা দাবি করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বেলা সাড়ে তিনটার দিকে ফেনী-৩ (সোনাগাজী ও দাগনভূঞা) আসনের সাংসদ রহিম উল্যা উপজেলা সদরে তাঁর মালিকানাধীন ‘রহিম উল্যা বিপণিবিতানে’ যান। সাংসদের গাড়িবহর সেখানে পৌঁছার পরপরই আওয়ামী লীগ ও যুবলীগের ২৫-৩০ জন নেতা-কর্মী হামলা ও ভাঙচুর শুরু করেন। এ সময় সাংসদের নিরাপত্তায় থাকা পুলিশ হামলাকারীদের সরিয়ে দেন। পরে সোনাগাজী থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
হামলার পর সাংসদ রহিম উল্যা মুঠোফোনে প্রথম আলোকে জানান, গতকাল বিকেলে বাড়ি থেকে ঢাকায় ফিরে যাওয়ার পথে সোনাগাজী উপজেলা সদরে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে যান। গাড়িবহর সেখানে পৌঁছামাত্র স্থানীয় আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, রুহুল আমিন, যুবলীগ নেতা আজিজুল হক হিরন, নুরুল ইসলাম ভুট্টু ও ফারুকের নেতৃত্বে ২৫-৩০ জন সন্ত্রাসী লাঠিসোঁটা নিয়ে তাঁর গাড়িবহরে হামলা ও ভাঙচুর করে। তিনি বলেন, পুলিশ সন্ত্রাসীদের প্রতিহত করতে না পারলে তাঁর প্রাণনাশের চেষ্টা চালানো হতো।
হামলায় আহত আবদুল করিম, আবদুল হালিম, মো. ফারুক ও মো. পমেলকে চিকিৎসা দেওয়া হয়েছে।
তবে সাংসদের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় আওয়ামী লীগ ও যুবলীগের কোনো নেতা-কর্মী জড়িত নন বলে দাবি করেন সোনাগাজী উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক। তিনি বলেন, যেসব কর্মী-সমর্থক সাংসদের হাতে লাঞ্ছিত হয়েছেন, তাঁরাই ক্ষিপ্ত হয়ে হামলা ও ভাঙচুর করেছেন।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন জানান, উপজেলা সদরে কিছু লোকজন সাংসদের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের চেষ্টা করেছেন। পুলিশ দ্রুত এগিয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
এর আগেও সাংসদের বিভিন্ন সমাবেশ ও কর্মসূচি আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের হামলায় পণ্ড হয়ে যায়।