স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
যথাসময়ে সম্পদ বিবরণী দাখিল না করায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরখাস্ত হওয়া এক কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই কর্মকর্তা একটি খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তাঁর নাম মো. আনোয়ার হোসেন। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ের এসএএস সুপার ছিলেন।
গতকাল বুধবার সন্ধ্যায় দুদকের সহকারী পরিচালক এ কে এম এম ফজলে হোসেন রাজধানীর রমনা মডেল থানায় মামলাটি করেন।
এজাহারে বলা হয়, গত ৪ আগস্ট কাশিমপুর কারাগারের জেল সুপারের মাধ্যমে আনোয়ার হোসেনকে সম্পদের বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়। ১০ আগস্ট কারাগারে দুদকের নোটিশটি গ্রহণ করেন তিনি। এরপর নির্ধারিত সময়ে সম্পদের হিসাব জমা না দিয়ে তিনি কারাগার থেকে জামিনে বের হয়ে সম্পদের হিসাব দেবেন বলে দুদককে জানান। দুদক তাঁর এই আবেদনকে বিধি-বহির্ভূত উল্লেখ করে তাঁর বিরুদ্ধে ‘নন-সাবমিশন’ মামলার অনুমোদন দেয়।
জানা গেছে, ২০০৬ সালে রাজারবাগ পুলিশ টেলিকমের অফিস সহকারী গোলাম শামসুল হায়দার হত্যা মামলায় আনোয়ার হোসেনসহ ছয়জনকে মৃত্যুদণ্ড দেন আদালত। ওই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেছেন আনোয়ার।