রাজধানীর শাহীনবাগের বাড়িটি থেকে ৩০ ভরি স্বর্ণ ও প্রায় চার লাখ টাকা ডাকাতেরা নিয়ে গেছে বলে দাবি করেছেন বাড়িটির মালিক। তবে এ ঘটনায় গতকাল মঙ্গলবার পর্যন্ত তিনি কোনো মামলা করেননি। গত সোমবার সন্ধ্যা সাতটার দিকে বাড়িটিতে ডাকাতির ঘটনা ঘটে।
বাড়ির মালিক কাজী মোসতাহের উদ্দিন একসময় বিমানবন্দর এলাকায় ব্যবসা করতেন। বিমানবন্দরের ভেতরে তাঁর একটি দোকান রয়েছে। এ ছাড়া ঠিকাদারির সঙ্গেও তিনি জড়িত। তাঁর দুই ছেলে ও তিন মেয়ে। গতকাল প্রথম আলোকে তিনি বলেন, ‘বড়িতে বাসা ভাড়ার টাকা, বিলের টাকা, নিজের মাসের চলার টাকাসহ সব মিলে আনুমানিক তিন থেকে চার লাখ টাকা ছিল। স্ত্রী ও মেয়েদের গয়না আছে প্রায় ৩০ ভরি। কিছু দামি কাপড়চোপড়ও আছে। সবকিছুই নিয়ে গেছে ডাকাতেরা।’
মোসতাহের বলেন, ‘আমার বেগম সাহেবের দুই হাতে স্বর্ণের চারটি চুড়ি, গলায় স্বর্ণের দুটি চেইন এবং কানে এক জোড়া রিং ছিল। এগুলোও খুলে নিয়ে গেছে।’
মোসতাহার বলেন, ডাকাতেরা বাসায় ঢুকেই তাঁর স্ত্রী ও ছোট মেয়ের হাত, পা, চোখ, মুখ বেঁধে ফেলে। একসময় মেজ মেয়ে বাসায় এলে তাকেও বেঁধে ফেলা হয়। এরপর সবকিছু লুট করে একটি স্কুল ব্যাগে ঢুকিয়ে বাড়ি থেকে চলে যায়। তিনি বলেন, বাসায় ঢুকেই সবার মুঠোফোন তারা নিজেদের কাছে নিয়ে নেয় এবং ব্যাটারি খুলে ফেলে। ডাকাতি শেষে আবার মুঠোফোনগুলো ফেরত দেয়।
গতকাল সন্ধ্যায় সশস্ত্র কয়েকজন যুবক ওই বাড়িতে ঢুকে মা ও মেয়েকে একটি কক্ষে বেঁধে মূল্যবান জিনিসপত্র নিয়ে যান। পরে খবর পেয়ে স্থানীয় জনতা ও পুলিশ এগিয়ে এলেও দুর্বৃত্তদের কাউকে আটক করা যায়নি।
মামলার বিষয়ে জানতে চাইলে মোসতাহার বলেন, ঘটনার পর থেকে পুলিশের বড় কর্মকর্তারা বাসায় আসেন। কেউই মামলা করার পরামর্শ দেননি। এ কারণে মামলা করা হয়নি।