স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, পাঁচজনকে পিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাই উপজেলায় গতকাল মঙ্গলবার পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয়ে এক স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে পালানোর সময় পাঁচজনকে আটক করে পিটুনি দিয়েছে এলাকাবাসী। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। এ সময় অপহরণের কাজে ব্যবহৃত মাইক্রোবাসটিও পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।
ওই ব্যবসায়ীর নাম জাহাঙ্গীর হোসেন (৩০)। তিনি উপজেলার কাওয়ালিপাড়া বাজারে সোনার ব্যবসা করেন। তাঁর বাড়ি উপজেলার বাস্তা গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর গতকাল সন্ধ্যায় দোকান বন্ধ করে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। তাঁর সঙ্গে এক লাখ টাকা ও তিন ভরি সোনা ছিল। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কাওয়ালিপাড়া-বালিয়া সড়কের দুনিগ্রাম এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাসে আসা পাঁচ অপহরণকারী তাঁর গতিরোধ করে। এরপর তারা মাইক্রোবাস থেকে নেমে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে হাতকড়া পরিয়ে জাহাঙ্গীরকে জোর করে গাড়িতে তোলে। এরপর তারা মাইক্রোবাস ঘুরিয়ে ধামরাইয়ের দিকে যেতে থাকে। বিষয়টি ঘটনাস্থলের আশপাশে থাকা লোকজনের সন্দেহ হলে তাঁরা মুঠোফোনে বিষয়টি কাওয়ালিপাড়া বাজারের ব্যবসায়ীদের জানান। খবর পেয়ে লোকজন কাওয়ালিপাড়া বাজারের পাশে সড়কে প্রতিবন্ধক দিয়ে মাইক্রোবাসসহ ইসমাইল (৩৫), রাজ্জাক (৪৮), রুহুল (৪০), হাফিজুর (৩০) ও হুমায়ুনকে (৪০) আটক করেন। জিজ্ঞাসাবাদে তারা অপহরণের কথা স্বীকার করলে লোকজন তাদের পিটুনি দেয়। এ সময় বিক্ষুব্ধ জনতা মাইক্রোবাসটি পুড়িয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে স্থানীয় পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।
জাহাঙ্গীর জানান, দুনিগ্রাম এলাকায় পৌঁছালে অপহরণকারীরা মাইক্রোবাস থামিয়ে কিছু বুঝে ওঠার আগেই তাঁকে হাতকড়া পরিয়ে দেয়। এরপর মাইক্রোবাসে তুলে তাঁর চোখ বেঁধে মারধর করতে থাকে। এ সময় তাঁর কাছে থাকা সোনা ও টাকা ছিনিয়ে নেয় অপহরণকারীরা।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার গতকাল রাত পৌনে নয়টার দিকে প্রথম আলোকে জানান, জনতার সহায়তায় ওই অপহরণকারীদের আটক করা হয়েছে। তারা ডিবি পুলিশ পরিচয়ে সাভার ও ধামরাইসহ আশপাশের এলাকায় নানা অপরাধমূলক কাজ করে আসছিল।