স্বর্ণের দোকানে ডাকাতি, 'আতঙ্কে' নারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ভাটারা থানার কুড়িল বিশ্বরোড এলাকায় আজ শনিবার রাতে একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। স্বর্ণালংকার লুট করে পালিয়ে যাওয়া সময় ডাকাতদল বোমা বিস্ফোরণও ঘটায়। এতে আতঙ্কে ওই দোকানের ওপরে থাকা বাসার এক নারী মারা গেছেন বলে ওই নারীর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়। 

ডাকাতির সত্যতা নিশ্চিত করে পুলিশ গুলশান অঞ্চলের সহকারী কমিশনার রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, আজ রাত আটটার দিকে ক্রেতা সেজে কয়েকজন যুবক কুড়িলের কুড়াতলা বাজারে নিউ আইকে জুয়েলার্স নামের একটি দোকানে ঢোকেন। তাঁরা দোকানের কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার লুট করে পালিয়ে যাচ্ছিলেন। তখন স্থানীয় লোকজন তাঁদের ধাওয়া দিলে ওই যুবকেরা লোকজনদের লক্ষ্য করে কয়েকটি বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান।
এসি রফিকুল বলেন, ওই দোকানটি নিচতলায়। দোতলায় বাসা বাড়ির। ঘটনার পর ওই বাসার বাসিন্দা জোহরা খাতুন মারা যান। জোহরার পরিবার পুলিশের কাছে দাবি করেছেন, বোমা বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে জোহরা মারা গেছেন। এদিকে দোকানের মালিকের দাবি, তাঁর দোকান থেকে ডাকাতদল ৩০ থেকে ৪০ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে। ঘটনার তদন্ত চলছে।