স্বর্ণের দোকানে ডাকাতি, আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের গণকপাড়া এলাকায় পুলিশ ফাঁড়ির কাছে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতির অভিযোগ উঠেছে। এ সময় ছুরিকাঘাতে ওই দোকানের মালিক ও ককটেলের স্প্লিন্টারে আরও পাঁচজন আহত হন।
আজ বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে নগরের গণকপাড়া এলাকায় এম রায় জুয়েলার্স নামের একটি সোনার দোকানে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন দোকানমালিক মনিশ রায় (৫৩), নগরের ফ্রেশ আপ লন্ড্রির মালিক মুক্তারুল ইসলাম, ভ্যানচালক হাবিবুর রহমান, ব্যবসায়ী অপু, পথচারী মুত্তাকিন ও শরিফুল। আহত ব্যক্তিদের মধ্যে মনিশ রায়কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে মালোপাড়া পুলিশ ফাঁড়ির কাছে এম রায় জুয়েলার্সের সামনে এসে দাঁড়ায় একটি সাদা মাইক্রোবাস। সেখান থেকে চার-পাঁচজন দুর্বৃত্ত দোকানে ঢুকে অস্ত্রের মুখে দোকানের মালিক ও কর্মচারীকে জিম্মি করে দোকানের মালামাল লুট করতে থাকে। এ সময় দোকানে থাকা কয়েকজন নারী ক্রেতার ব্যাগও ছিনিয়ে নেয় তারা। দোকানের বাইরে মুখে সাদা রুমাল বাঁধা ব্যক্তি ককটেলের বিস্ফোরণ ঘটাতে থাকেন। এ সময় ককটেলের স্প্লিন্টারের আঘাতে ওই পাঁচজন আহত হন। মালামাল লুট করার পর ডাকাতেরা দোকানের মালিককে ছুরিকাঘাত করে মাইক্রোবাসে উঠে পড়ে। এরপর তারা একের পর ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়িয়ে পালিয়ে যায়। এ ঘটনার প্রায় আধা ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
এম রায় জুয়েলার্সের মালিকের ছোট ভাই মৌসুম রায় বলেন, তাঁদের দোকানের সবকিছু লুট হয়ে গেছে।
রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, একটি ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের ধরার চেষ্টা চলছে।