স্বাক্ষর ও স্মারক জাল করে সাত শিক্ষকের পদোন্নতি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার মহম্মদপুর উপজেলায় ছয়টি রেজিস্ট্রি ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাতজন সহকারী শিক্ষক শিক্ষা কর্মকর্তার সই ও দপ্তরের স্মারক জাল করে প্রধান শিক্ষক হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এখন সবগুলো বিদ্যালয়ই সরকারি।

জালিয়াতির বিষয়টি প্রমাণিত হওয়ায় ওই শিক্ষকদের আগের পদে ফেরানো এবং প্রধান শিক্ষক হিসেবে নেওয়া অর্থ ফেরতের ব্যবস্থা নিচ্ছে শিক্ষা অধিদপ্তর।

ওই সাত শিক্ষক হলেন লাহুড়িয়া রেজিস্ট্রি প্রাথমিক বিদ্যালয়ের মো. মাহবুবুর রহমান, মৌশার মো. আকবর আলী, কালুকান্দির মো. মফিদুল ইসলাম, পাল্লা চরপাড়ার এস এম সামাদ ঠাকুর, পলাশবাড়িয়ার মো. আবদুস সবুর ও কালীপদ রায় চৌধুরী রেজিস্ট্রি প্রাথমিক বিদ্যালয়ের কমনীয় কিংকর তেওয়ারী এবং নাগরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জিল্লুর রহমান।

জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, এই সাত শিক্ষক ২০১২ সালে তৎকালীন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমান উল্লাহ ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার অধিকারীর সই ও শিক্ষা অধিদপ্তরের স্মারক জাল করে সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক হন। প্রধান শিক্ষক হিসেবে তাঁরা বেতন-ভাতাসহ সরকারি সব সুযোগ-সুবিধা ভোগ করছিলেন। ২০১৩ সালে রেজিস্ট্রি বিদ্যালয়গুলো সরকারি করা হয়।

 ২০১৬ সালে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুস সালাম ওই সাত শিক্ষকের জালিয়াতির বিষয়টি জানতে পারেন। তিনি তদন্ত করে বিষয়টি নিশ্চিত হয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানান। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন ও জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কুমারেশ চন্দ্র গাছি আবার তদন্ত করে বিষয়টির সত্যতা পান। তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত করা হয়। সব তদন্তেই জালিয়াতির ঘটনা প্রমাণিত হলে ২ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপপরিচালক মো. কামরুল হাসান ওই শিক্ষকদের স্বপদে ফেরত পাঠানো এবং প্রধান শিক্ষক হিসেবে নেওয়া অর্থ আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়ে চিঠি দেন। তাতে উল্লেখ করা হয়, কারণ দর্শানোর সময় চিঠি দিলে ওই শিক্ষকেরা জালিয়াতির বিষয়টি অস্বীকার করেননি।

এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে গতকাল বুধবার লাহুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমান কথা বলতে রাজি হননি। তিনি বলেন, ‘আমি ব্যস্ত। এ বিষয়ে কথা বলতে পারব না।’ পরে কালীপদ রায় চৌধুরী বিদ্যালয়ের কমনীয় কিংকর তেওয়ারী বলেন, ‘আমরা বিদ্যালয়গুলোর প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক ছিলাম, কখনোই সহকারী শিক্ষক ছিলাম না। ২০১৬ সালে আমরা এক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে আন্দোলন করি। এরপর ষড়যন্ত্রমূলকভাবে আমাদের বিরুদ্ধে এসব মিথ্যা প্রতিবেদন দেওয়া হয়েছে।’

এ বিষয়ে বর্তমান উপজেলা শিক্ষা কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, ‘আমি দুই মাস হলো এখানে এসেছি। বিস্তারিত কিছু জানি না। তবে ওই সাত শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি আমি অধিদপ্তর থেকে পাঠানো একটি চিঠির অনুলিপি থেকে জেনেছি।’

জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি সত্য। অধিদপ্তর থেকে পাঠানো চিঠির অনুলিপি থেকে আমি এটি জেনেছি। তবে আমাকে এ ব্যাপারে এখনো ব্যবস্থা নিতে বলা হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশ দিলে ব্যবস্থা নেব।’

নাম প্রকাশ না করার শর্তে একজন শিক্ষা কর্মকর্তা ও কয়েকজন শিক্ষক বলেন, জালিয়াতির শাস্তি হিসেবে ওই শিক্ষকদের কেবল স্বপদে (সহকারী শিক্ষক) ফেরত পাঠানো এবং প্রধান শিক্ষক হিসেবে নেওয়া অতিরিক্ত অর্থ আদায় করলেই হয় না। ওই সাতজনের বিরুদ্ধে ফৌজদারি দণ্ডবিধিতে মামলা হওয়া উচিত। তাঁদের চাকরিচ্যুত করা উচিত।