স্বাক্ষর জাল করলেন প্রধান শিক্ষক বেতন বন্ধ সবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীর মহাদান ইউনিয়নের খাগুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয়ের সভাপতির সই জাল করে বেতন উত্তোলন করেন। পরে ঘটনার সত্যতা পাওয়া গেলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যালয়ের সব শিক্ষকের বেতন বন্ধ করে দেন। এতে দুই মাস ধরে তাঁরা বেতন পাচ্ছেন না।
উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় ও বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের নানা বিষয়ে প্রধান শিক্ষক নাজিম উদ্দিন ও পরিচালনা পর্ষদের সভাপতি মোফাজ্জল হোসেনের মধ্যে বিরোধ চলছিল। পরে মাসিক বিবরণীতে প্রধান শিক্ষক সভাপতির সই জাল করে গত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের বেতন উত্তোলন করেন। সই জালের বিষয়টি বিদ্যালয়ের অন্য তিনজন শিক্ষক জানতেন না। ফলে তাঁরাও যাঁর যাঁর বেতন উত্তোলন করেন। বিষয়টি নিয়ে মোফাজ্জল হোসেন সহকারী শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল ইসলামের কাছে দফায় দফায় অভিযোগ করেন। কিন্তু কোনো কাজ হয়নি। পরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফেরদৌসের কাছে অভিযোগ করা হলে তিনি বিষয়টি তদন্ত করে সভাপতির সই জালের বিষয়টির সত্যতা পান। এরপর গত মার্চ থেকে তিনি বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বন্ধ করে দেন।
মোফাজ্জল হোসেন বলেন, ‘প্রধান শিক্ষক আমার স্বাক্ষর জাল করে তিন মাসের বেতন উত্তোলন করেছেন।’
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মতিউর রহমান জানান, বেতন বন্ধ থাকায় পরিবার-পরিজন নিয়ে তাঁরা কষ্টে আছেন। প্রধান শিক্ষক বলেন, ‘সভাপতির স্বাক্ষর জাল করে তিন মাসের বেতন উত্তোলন করেছি। আমার ভুল হয়েছে।’
অভিযোগের বিষয়ে সহকারী শিক্ষা কর্মকর্তা বলেন, এ ব্যাপারে তিনি কোনো কিছু জানেন না।
উপজেলা শিক্ষা কর্মকর্তা জানান, সই জাল করে বেতন উত্তোলন করায় বেতন বন্ধ করে দেওয়া হয়েছে।