স্বাক্ষর জাল করে কমিটির অনুমোদন নিতে গিয়ে ধরা
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার স্বাক্ষর জাল এবং তারিখ পরিবর্তন করে শিক্ষা বোর্ড থেকে পরিচালনা কমিটির অনুমোদন নিতে গিয়ে ধরা পড়েছেন উপজেলার কাথম সৈয়দ জুমুল দেওয়ান দাখিল বালিকা মাদ্রাসার সুপার আইয়ুব আলী।
প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচন না করে কাগজে কলমে নির্বাচন দেখিয়ে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে কমিটির অনুমোদনের আবেদন করা হলে শিক্ষা বোর্ড তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য নন্দীগ্রামের ইউএনওর কাছে নথি ফেরত পাঠান। ইউএনও তদন্ত করে প্রতিবেদন দিতে বলেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে।
নন্দীগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোতাহার আলী গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, তদন্তে স্বাক্ষর জাল করার বিষয়টি প্রমাণিত হয়েছে। প্রতিবেদন আগামী রোববার নাগাদ ইউএনওর কাছে জমা দেওয়া হবে।
ওই কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, ওই মাদ্রাসার পরিচালনা কমিটির মেয়াদ শেষ হওয়ায় গত ১৯ জানুয়ারি কমিটির নির্বাচন অনুষ্ঠানের জন্য ইউএনওর কাছে নথি উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির সুপার আইয়ুব আলী। ইউএনও নথিতে স্বাক্ষর করে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা নিতে বলেন। ইউএনওর ওই স্বাক্ষরের কাগজ ঘষামাজা করে প্রকৃত তারিখ মুছে ২০১৩ সালের ২৬ ডিসেম্বর বসিয়ে শিক্ষা বোর্ডে উপস্থাপন করেন। একই সঙ্গে কাগজে কলমে কমিটির নির্বাচন দেখিয়ে উপজেলা মাধ্যমিক কর্মকর্তার স্বাক্ষর জাল করে সুপারিশের কাগজ সংযুক্ত করেন। এরপর তা অনুমোদনের জন্য চলতি বছরের ২৫ জানুয়ারি মাদ্রাসা শিক্ষা বোর্ডে উপস্থাপন করা হয়। চলতি বছরের ১৮ আগস্ট মাদ্রাসা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ কে এম ছায়েফ উল্লা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য ইউএনওকে চিঠি দেন।
তবে আইয়ুব আলী দাবি করেছেন, তিনি কারও স্বাক্ষর জাল বা কোনো কাগজ জালিয়াতির আশ্রয় নেননি।