স্বাচিপ নেতাকে নম্বর কম দেওয়ায় বদলি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশুস্বাস্থ্য বিভাগের প্রধান অধ্যাপক (চলতি দায়িত্ব) মো. এ কে এম রেজাউল করিমকে প্রথমে বিভাগীয় প্রধানের পদ থেকে অব্যাহতি ও পরে নোয়াখালীতে বদলি করা হয়েছে। অভিযোগ পাওয়া গেছে, বার্ষিক গোপন প্রতিবেদনে (এসিআর) চিকিৎসক নেতাকে নম্বর কম দেওয়ায় তাঁর এই পরিণতি হয়েছে।
তবে বিভাগের কিছু চিকিৎসক বলেছেন, স্বেচ্ছাচারিতার কারণে রেজাউল করিমকে বিভাগীয় প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে সহকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার ও হাসপাতালে চিকিৎসার পরিবেশ নষ্ট করার অভিযোগ তুলেছেন তাঁরা।
চমেক সূত্রে জানা গেছে, রেজাউল করিম এসিআরে শিশুস্বাস্থ্য বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন মাহমুদ, বাসনা মুহুরী ও মো. শামীম হাসানকে ‘উত্তম’ (মাঝারি) শ্রেণির নম্বর দেন। এদের মধ্যে নাসির উদ্দিন আওয়ামী লীগপন্থী চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কলেজ শাখার সদস্যসচিব ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) কাউন্সিলর। বিভাগের ১১ জন চিকিৎসককে ‘অতি উত্তম’ শ্রেণির নম্বর দেওয়া হয়।
সম্প্রতি অধ্যক্ষ কার্যালয় থেকে গোপন প্রতিবেদন ফাঁস হয়। নম্বর কম পাওয়া চিকিৎসকেরা বিভাগীয় প্রধানের ওপর ক্ষিপ্ত হন। তাঁদের হয়ে একাধিক বিএমএ নেতা নম্বর বাড়ানোর জন্য বিভাগীয় প্রধানকে চাপ দেন।
রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ‘নম্বর কম দেওয়ার পর নেতারা আমার ওপর চাপ দেয়। আমি বলেছি, তাঁরা ওয়ার্ডে ঠিকমতো সময় দেন না, বিলম্বে উপস্থিত হন তাই উত্তম শ্রেণি দেওয়া হয়েছে।’ তিনি বলেন, একপর্যায়ে নম্বর বাড়াতে তাঁকে বাধ্য করা হয়। তার পরও তাঁকে প্রথমে বিভাগীয় প্রধানের পদ থেকে অব্যাহতি দেওয়া ও পরে বদলি করা হয়।
১৬ জুলাই চমেক অধ্যক্ষ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর এক আদেশে বলেন, শিশুস্বাস্থ্য বিভাগে উদ্ভূত পরিস্থিতিতে কর্তৃপক্ষ উদ্বিগ্ন। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বিভাগীয় প্রধানের দায়িত্ব সংরক্ষণ করবেন অধ্যক্ষ নিজে। আর নম্বর কম পাওয়া নাসির উদ্দিন মাহমুদ বিভাগের একাডেমিক কার্যক্রমের সমন্বয়কারীর দায়িত্ব পালন করবেন।
আদেশটির বিরুদ্ধে রেজাউল করিম আদালতের শরণাপন্ন হন। ২১ জুলাই চট্টগ্রাম পঞ্চম সিনিয়র সহকারী জজ আদালত অধ্যক্ষের আদেশটি স্থগিত ঘোষণা করেন। তাতে রেজাউল করিমকে হয়রানি না করারও নির্দেশ দেওয়া হয়।
স্থগিতাদেশ আসার পর রেজাউল করিমের কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়। পরে অবশ্য তালা খুলে দেওয়া হয়। তবে গত ৩ আগস্ট স্বাস্থ্য মন্ত্রণালয় রেজাউল করিমকে নোয়াখালী মেডিকেল কলেজে বদলি করেছে।
এ প্রসঙ্গে নাসির উদ্দিন মাহমুদ বলেন, ‘যখন-তখন তিনি (রেজাউল করিম) নম্বরের ভয় দেখাতেন। প্রমোশন আটকে দেওয়ার কথা বলতেন।’
তবে রেজাউল করিম এসব অভিযোগ অস্বীকার করেন।