স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে হামলা, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী আয়নাপুর উচ্চবিদ্যালয়ে আজ বৃহস্পতিবার দুর্বৃত্তদের হামলায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পণ্ড হয়ে গেছে। হামলায় বিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।

হামলায় আহত তালাশ মাহমুদকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি চারজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তালাশ মাহমুদ আয়নাপুর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ, বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে আয়নাপুর উচ্চবিদ্যালয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলছিল। এ সময় কাড়াগাঁও গ্রামের হিমু, মিলন, রাসেল ও ফারুকসহ কয়েকজন রামদা, লাঠি, চাপাতি ও দেশি অস্ত্র নিয়ে অনুষ্ঠানস্থলে হামলা চালান। অস্ত্রের আঘাতে পাঁচজন শিক্ষার্থী আহত হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। পণ্ড হয়ে যায় অনুষ্ঠান। হামলা চালিয়ে সটকে পড়ে দুর্বৃত্তরা।

আয়নাপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাসমত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে হামলার ঘটনা খুবই দুঃখজনক ও নিন্দনীয়। তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফছিহুর রহমান বলেন, হামলার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে, জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।