স্বাধীনতাবিরোধীদের নাম বাদ দেওয়ার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতাবিরোধী ‘খান এ সবুর’-এর নামে খুলনা মহানগরীর অন্যতম গুরুত্বপূর্ণ একটি সড়ক রয়েছে। আবার ‘শাহ আজিজুর রহমান’-এর নামে আছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি মিলনায়তনের নাম। কিন্তু হাইকোর্ট এই দুটি স্থাপনারই নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন।

খান এ সবুর ছিলেন পাকিস্তান আমলে আইয়ুব খান সরকারের মন্ত্রী; আর শাহ আজিজুর ছিলেন জিয়াউর রহমানের মন্ত্রিসভার প্রধানমন্ত্রী। এ দুজনেই স্বাধীনতাবিরোধী মুসলিম লীগের নেতা ছিলেন।

এ সংক্রান্ত একটি আবেদনের ওপর শুনানি শেষে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন। এতে খুলনা মহানগরের সড়কটির নাম পরিবর্তন করে ‘যশোর রোড’ করতে খুলনা সিটি করপোরেশনের মেয়র এবং মিলনায়তনের নাম পরিবর্তন করতে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবীর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মুনতাসীর মামুন গত রোববার আবেদনটি করেন। আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী এ কে রাশেদুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

এ কে রাশেদুল হক প্রথম আলোকে বলেন, দেশের বিভিন্ন স্থাপনা, সড়ক ও অবকাঠামো থেকে স্বাধীনতাবিরোধীদের নাম বাদ দেওয়ার আরজি জানিয়ে ২০১২ সালে শাহরিয়ার কবীর ও মুনতাসীর মামুন একটি রিট আবেদন করেছিলেন। রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত অন্তর্বর্তী আদেশে রুল শুনানি শেষ না হওয়া পর্যন্ত খান-এ-সবুর ও শাহ আজিজুর রহমানের নাম ব্যবহার স্থগিত রাখতে বলেছিলেন। কিন্তু আদালতের ওই নির্দেশনা অনুসরণ করা হচ্ছে না জানিয়ে রিট আবেদনকারীরা ফের আবেদন করলে আদালত এ নির্দেশনা দেন।