স্বামী ঋণ পরিশোধ না করায় স্ত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনমজুর স্বামী সমবায় সমিতি থেকে ঋণ নিয়েছিলেন। পুরো টাকা পরিশোধ করতে না পারায় স্বামী-স্ত্রী দুজনকে গত বৃহস্পতিবার চট্টগ্রামের বাকলিয়া এলাকায় সমিতির কার্যালয়ে ডেকে আনা হয়। মারধর করা হয় দুজনকে। একপর্যায়ে স্বামীকে কার্যালয় থেকে বের করে দিয়ে স্ত্রীকে ধর্ষণ করে সমিতির লোকজন। এ ঘটনায় মামলার পর অভিযুক্ত দুই আসামিকে গত শুক্রবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

বাকলিয়া থানার পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া দুজন হলেন নূর মোহাম্মদ ও মো. বাহাদুর। এঁদের মধ্যে নূর মোহাম্মদের বিরুদ্ধে ধর্ষণ এবং মো. বাহাদুরের বিরুদ্ধে ধর্ষণে সহায়তা ও মারধরের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া মামলার আরও দুই আসামি মো. ছাব্বির ও রাসেলকে পুলিশ খুঁজছে।

বাকলিয়া থানার ওসি মো. মহসিন জানান, চেয়ারম্যানঘাটা খালপাড়ে মামলার আসামিদের ‘কর্মজীবী সমবায় সমিতি’ নামে ঋণদানকারী প্রতিষ্ঠান আছে। ওই প্রতিষ্ঠান থেকে তিন মাস আগে ধর্ষণের শিকার নারীর স্বামী তিন হাজার টাকা ঋণ নেন। প্রতি কিস্তিতে ৩৬০ টাকা করে পরিশোধ করার কথা ছিল। কিন্তু দুটি কিস্তি পরিশোধের পর বাকি টাকা আর শোধ করতে পারেননি ওই নারীর স্বামী।

ওসি জানান, ওই নারী এজাহারে উল্লেখ করেছেন টাকা পরিশোধ না করে বাড়ি ছেড়ে যাচ্ছেন—এমন তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে ওই নারী ও তাঁর স্বামীকে প্রতিষ্ঠানের কার্যালয়ে ডেকে নেন আসামিরা। একপর্যায়ে স্বামীকে বের করে দিয়ে তাঁকে ধর্ষণ করা হয়। শুক্রবার বিকেলে ওই নারী বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মামলা করেন।