স্বামী ও তাঁর সহযোগী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌনকর্মে রাজি না হওয়ায় রাজশাহীর বাগমারায় ধর্ষণ ও পাশবিক নির্যাতনের শিকার সেই কিশোরীর (১৬) স্বামী ও স্বামীর এক সহযোগীকে পুলিশ গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন স্বামী যাত্রাগাছি গ্রামের বাবু ইসলাম (২৮) ও তাঁর সহযোগী সাকোয়া গ্রামের আবদুল মান্নান (৩০)। আজ শুক্রবার আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হবে। তিনি জানান, ওই কিশোরীকে বাদী করে তার স্বামী এবং স্বামীর দুই সহযোগী মান্নান ও সাইফুলের বিরুদ্ধে ধর্ষণ ও নারী নির্যাতন মামলা করা হয়েছে।
এদিকে উপজেলা পরিষদের চেয়ারম্যানের উদ্যোগে গতকাল গুরুতর আহত ওই কিশোরীকে চিকিৎসার জন্য রাজশাহী ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।
নির্যাতিত ওই কিশোরী তিন দিন ধরে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছিল। চিকিৎসকেরা তাকে রাজশাহীর ওসিসিতে স্থানান্তরের সুপারিশ করলেও কোনো অভিভাবক না থাকায় কেউ তাকে সেখানে নিতে উদ্যোগী হয়নি। গতকাল প্রথম আলোয় ‘যৌন ব্যবসা করতে রাজি না হওয়ায় স্ত্রীকে নির্যাতন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
বাগমারা থানার নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন, গতকাল প্রথম আলোয় সংবাদ প্রকাশের পর প্রশাসনে এ নিয়ে আলোচনা হয়। বাগমারা থানা-পুলিশকে এ বিষয়ে পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়। এরপর সকালে পুলিশ কিশোরীর স্বামী বাবু ইসলামকে যাত্রাগাছি ও তাঁর সহযোগী মান্নাকে শিকদারী এলাকা থেকে গ্রেপ্তার করে। অপর সহযোগী সাইফুল ইসলামকেও গ্রেপ্তারে অভিযান চলছে। তিনি আরও জানান, সংবাদটি প্রকাশের পর পুলিশ দ্বিতীয় দফায় স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নির্যাতিত কিশোরীর খোঁজখবর নেয়।
এদিকে গতকাল সকালে উপজেলা পরিষদের মাসিক আইনশৃঙ্খলা সভায় পত্রিকায় প্রকাশিত সংবাদটি নিয়ে আলোচনা হয়। অভিভাবক এগিয়ে না আসায় দরিদ্র এ কিশোরীকে উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলাম নিজ খরচে একটি মাইক্রোবাসে করে রাজশাহী ওসিসিতে পাঠান। এর আগে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে কিশোরীর সঙ্গে সাক্ষাৎ করেন।
হায়াতপুর গ্রামের বাসিন্দা সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসলাম আলী বলেন, তিনি খোঁজ নিয়ে মেয়েটি ধর্ষণ ও পাশবিক নির্যাতনের শিকার হয়েছে বলে জানতে পেরেছেন। বখাটে বাবু ইসলাম আগেও একটা বিয়ে করেছিলেন। বাবুর নির্যাতনে ওই স্ত্রী তাঁকে ছেড়ে চলে গেলে এ মেয়েটিকে বিয়ে করেন।