স্বামী ও শাশুড়ি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশীতে স্ত্রীকে গাছের সঙ্গে বেঁধে পুড়িয়ে হত্যার ঘটনায় হওয়া মামলায় স্বামী সাহাবুল মল্লিককে গতকাল মঙ্গলবার গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে একই মামলায় সোমবার রাতে সাহাবুলের মা কমলা খাতুনকে (৬০) গ্রেপ্তার করা হয়।
থানা-পুলিশ সূত্র জানায়, ছালমা খাতুন (২৮) নামের ওই গৃহবধূকে গত রোববার গভীর রাতে বাড়ির পাশে গাছের সঙ্গে বেঁধে পেট্রল দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। সোমবার রাতে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। ছালমা পাকশী ইউনিয়নের দিয়াড়বাঘইল পূর্বপাড়ার নুরা প্রামাণিকের মেয়ে। তিনি ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) একটি কারখানার শ্রমিক ছিলেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও পাকশী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম হোসেন বলেন, সোমবার রাত ১০টার দিকে নিহত ছালমার চাচা আলম প্রামাণিক বাদী হয়ে ঈশ্বরদী থানায় হত্যা মামলা করেন। এতে সাহাবুল মল্লিক ও তাঁর মা কমলা মল্লিককে আসামি করা হয়।