স্বামী ও সতিন মিলে গৃহবধূকে ফাঁস দিয়ে হত্যা!
বগুড়ার গাবতলী উপজেলায় আছিয়া বেগম (৩৫) নামের এক গৃহবধূকে গলায় ফাঁস দিয়ে তাঁর স্বামী ও সতিন হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।গতকাল শনিবার এ ঘটনা ঘটে। এদিকে লালমনিরহাট সদর উপজেলায় আছিয়া বেগম (১৮) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগে তাঁর স্বামী সবুজ শেখকে গত শুক্রবার গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে গতকাল বিকেলে সবুজ মিয়ার প্রথম স্ত্রী আছিয়া বেগম ও দ্বিতীয় স্ত্রী রোখসানার মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে সবুজ মিয়া ও রোখসানা মিলে গলায় ফাঁস দিয়ে আছিয়াকে হত্যা করেন। বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন রোখসানাকে গণপিটুনি দেয় এবং বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে আছিয়ার লাশ উদ্ধার করে এবং রোখসানাকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ আসার আগেই সবুজ মিয়া পালিয়ে যান।
গাবতলী মডেল থানার ওসি আবদুর রাজ্জাক খান বলেন, পারিবারিক কলহের জের ধরে স্বামী ও সতিন মিলে আছিয়াকে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আছিয়ার সতিন রোখসানাকে ইতিমধ্যে আটক করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত সাড়ে আটটার দিকে দাম্পত্য কলহের জের ধরে লালমনিরহাট সদর উপজেলার বিমানবন্দরসংলগ্ন এলাকায় আছিয়াকে (১৮) তাঁর স্বামী সবুজ শেখ (৩০) ছুরি দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করেন। এ সময় আছিয়ার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে এলাকাবাসী তাঁকে গুরুতর অবস্থায় উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সবুজ নিজেকে নির্দোষ দাবি করে জানান, ঘটনার দিন রাতে শহর থেকে শ্বশুরবাড়ি ফেরার পথে তাঁরা ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা তাঁর মুঠোফোন ও টাকা কেড়ে নিয়ে স্ত্রীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।