মানিকগঞ্জ পৌর এলাকার পশ্চিম দাশড়া গ্রাম থেকে গতকাল বুধবার সকালে মাখন বেগম (৪৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের মফেজ উদ্দিনের স্ত্রী।
নিহত ব্যক্তির স্বজনদের অভিযোগ, সাংসারিক ও দাম্পত্য কলহের জের ধরে মাখন বেগমকে তাঁর সতিন ও স্বামী মিলে হত্যার পর লাশ গাছে ঝুলিয়ে রাখেন। এ ঘটনায় মাখন বেগমের ভাই থানায় হত্যা মামলা করেছেন।
পুলিশ, নিহত ব্যক্তির পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৩৫ বছর আগে মফেজ উদ্দিন ও মাখন বেগমের বিয়ে হয়। তাঁদের সংসারে দুই ছেলে রয়েছে। প্রায় ১০ বছর আগে জমি ব্যবসায়ী মফেজ উদ্দিন আন্না বেগম নামের অপর এক নারীকে বিয়ে করেন। ওই নারীরও আগে বিয়ে হয়েছিল। দ্বিতীয় বিয়ের পর থেকে দাম্পত্য কলহ ও সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে দুই সতিনের মধ্যে ঝগড়া-বিবাদ চলে আসছিল। এ কারণে পশ্চিম দাশড়া গ্রামে দুটি পৃথক বাড়িতে মাখন বেগম ও আন্না বেগম থাকতেন।
গতকাল সকালে সতিনের বাড়ির পাশে একটি গাছের সঙ্গে গলায় কাপড় প্যাঁচানো অবস্থায় মাখন বেগমের লাশ দেখতে পান এলাকাবাসী। পরে খবর পেয়ে সকাল নয়টার দিকে পুলিশ ওই বাড়ির পাশে একটি পরিত্যক্ত বসতভিটা থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত ব্যক্তির ভাই জানান, দ্বিতীয় বিয়ের পর থেকে সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে তাঁর বোনকে সতিন আন্না বেগম ও স্বামী মফেজ উদ্দিন মারধর করতেন। গত মঙ্গলবার বিকেলেও দুই সতিনের মধ্যে ঝগড়া হয়। এ ঘটনায় রাত আটটার দিকে তাঁর বোনকে সতিন ও স্বামী মারধর করেন।
ঘটনার পর থেকে মফেজ ও আন্না বেগম পলাতক রয়েছেন। চেষ্টা করেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
তবে আন্না বেগমের মেয়ে সুমি আক্তার সাংবাদিকদের জানান, মঙ্গলবার রাত ১১টার পর থেকে তাঁর সৎমা নিখোঁজ ছিলেন।
মানিকগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, এ ব্যাপারে মাখন বেগমের ভাই বাচ্চু মিয়া থানায় হত্যা মামলা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর হত্যাকাণ্ডের কারণ জানা যাবে।