স্বামী-স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার
নেত্রকোনার দুর্গাপুরে অরুণ কুমার সাহা (৭৪) ও তাঁর স্ত্রী হেনা রানী সাহার (৬৫) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে এ দম্পতির লাশ উদ্ধার করা হয়।
প্রতিবেশী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মধ্যবাজার এলাকায় অবস্থিত আবাসিক একটি বাড়ির তৃতীয় তলায় থাকতেন অরুণ কুমার ও হেনা রানী দম্পতি। ওই বাজারেই ‘সুবর্ণা বস্ত্রালয়’ নামে অরুণ কুমারের একটি কাপড়ের দোকান রয়েছে। আজ সকাল সাড়ে ১০টার দিকে বাসার বাইরে ছোট ভাই অজিত কুমারের সঙ্গে কথা হওয়ার পর দুজনই নিজ নিজ বাসায় চলে যান। বেলা দুইটার দিকে ছোট ভাই অজিতের স্ত্রী সুচিত্রা তাঁদের বাসায় ঢুকে দেখেন দুটি কক্ষের একটিতে অরুণের এবং আরেকটিতে হেনার লাশ পড়ে আছে। তিনি চিৎকার করলে আশপাশের মানুষ এসে জড়ো হন। এ সময় ঘরের দরজা খোলা এবং ঘরের জিনিসপত্র তছনছ অবস্থায় পড়ে ছিল। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
দুর্বৃত্তরা বাসায় ঢুকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে দুজনকে খুন করে নির্বিঘ্নে চলে গেছে বলে ধারণা করা হচ্ছে। বাসা থেকে টাকা বা মূল্যবান কোনো জিনিসপত্র খোয়া গেছে কি না, তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম খান বলেন, ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ দুটির গলায় কাটা চিহ্ন দেখতে পায়। ময়নাতদন্তের জন্য লাশ দুটি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। মামলার প্রস্তুতি চলছে।