স্বামী খুন, নববধূ আটক

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় নববধূর প্রেমিকের হাতে স্বামী খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই স্বামীর মৃত্যুর পর এ অভিযোগ তোলা হয়।
নিহত স্বামীর নাম আবদুল মজিদ (২০)। তিনি উপজেলার চৌবিলা কাচারিপাড়া গ্রামের মৃত আবদুল হানিফের ছেলে। এ ঘটনায় নিহত মজিদের নববধূ আল্পনা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
নিহত মজিদের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, ২৩ মার্চ উপজেলার হাট চৌবিলা গ্রামের আমজাদ হোসেনের মেয়ে আল্পনা খাতুনের (১৯) সঙ্গে আবদুল মজিদের বিবাহ হয়। পরের দিন ২৪ মার্চ হাট চৌবিলা গ্রামে শ্বশুরবাড়িতে আসেন মজিদ। রাতের খাবার শেষে তাঁরা স্বামী-স্ত্রী শোয়ার ঘরে চলে যান। গভীর রাতে স্ত্রী আল্পনা চিৎকার করে জানান, ঘরে তাঁর স্বামী নেই। বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজির পর বাড়ি থেকে পাঁচ শ গজ দূরে একটি বাঁশঝাড়ে আবদুল মজিদকে মুমূর্ষু অবস্থায় দেখতে পান। এ সময় তাঁর শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের চিহ্ন দেখা যায়। পরদিন ভোরে মজিদকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বৃহস্পতিবার ভোরে আবদুল মজিদ মারা যান। মজিদের লাশ তাঁর গ্রামের বাড়ির কবরস্থানে দাফন করা হয়েছে।
নিহত মজিদের বড় ভাই আবদুল মোমিন প্রথম আলোকে বলেন, ‘মৃত্যুর কারণ এখন পর্যন্ত নিশ্চিত না হওয়া গেলেও ধারণা করা হচ্ছে, ভাইয়ের স্ত্রীর কাছের লোকজন তাঁকে হত্যার উদ্দেশে পরিকল্পিতভাবে ঘর থেকে বের করে নিয়ে বেদম মারপিট করে। এই মারপিটের কারণেই তাঁর মৃত্যু হয়েছে। আল্পনা ভাবির সঙ্গে এক যুবকের প্রেম ছিল বলে লোকমুখে জানা গেছে।’
এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহেদুজ্জামান বলেন, ‘এক যুবকের সঙ্গে নববধূ আল্পনার সম্পর্ক ছিল—এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। ধারণা করা হচ্ছে, বিয়ের পর এঁরা দুজন পরামর্শ করে মজিদকে শারীরিকভাবে নির্যাতন করেছেন। আর এতে মজিদের মৃত্যু হয়েছে। নববধূ আল্পনাকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
এ ঘটনায় নিহত ব্যক্তির বড় ভাই আবদুল মোমিন বাদী হয়ে হত্যা মামলা করেছেন বলেও জানান ওসি।
অভিযোগের ব্যাপারে জানতে নববধূর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁদের কাউকে পাওয়া যায়নি।