স্বামী খুন, স্ত্রী ও কথিত প্রেমিক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের হালিশহর থানার রামপুর আবাসিক এলাকায় গতকাল শুক্রবার দিবাগত রাত সোয়া একটার দিকে বাসার ভেতরে আবদুল বাতেন (৩৪) নামের এক ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

পুলিশ বলছে, পরকীয়ার জের ধরে বাতেনকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে বাতেনের স্ত্রী জেসমিন আক্তার (৩০) ও তাঁর কথিত প্রেমিক মো. আলাউদ্দিনকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

নিহত আবদুল বাতেনের বাবার নাম আবদুল মতিন। বাতেন পেশায় ইলেকট্রিশিয়ান। তিনি স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে রামপুর আবাসিক এলাকায় থাকতেন। গ্রেপ্তার আলাউদ্দিন হালিশহর থানাধীন পানির কল এলাকার বাসিন্দা।

হালিশহর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) চন্দন মজুমদার বলেন, রাত সোয়া একটার দিকে জেসমিন ও আলাউদ্দিন মিলে কম্বল দিয়ে শ্বাসরোধ করে বাতেনকে হত্যা করেন। পরকীয়ার কারণে তাঁকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাত সোয়া একটার দিকে আশপাশের মানুষ বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুনতে পান। এলাকার লোকজন তখন বাতেনের বাসায় গিয়ে দরজা ধাক্কা দিতে থাকেন। এ সময় ভেতর থেকে স্ত্রী জেসমিন এলাকাবাসীকে গালাগাল করতে থাকেন। তখন এলাকাবাসী পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে বাতেনের লাশ উদ্ধার করে এবং জেসমিন ও আলাউদ্দিনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় বাতেনের বাবা আবদুল মতিন বাদী হয়ে হালিশহর থানায় ওই দুজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।

এজাহার সূত্রে জানা গেছে, আট বছর আগে নোয়াখালীর বাতেনের সঙ্গে কুমিল্লার জেসমিনের বিয়ে হয়। এই দম্পতির আবদুল্লাহ আল জুবায়ের (৮) ও আবদুল্লাহ আল জুনায়েদ (৪) নামের দুটি সন্তান রয়েছে।