স্বামী নৌকার পক্ষে কাজ করায় স্ত্রীকে মারধর!
স্বামী আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা পারুল বেগম (৫০) নামের এক গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গত শনিবার দুপুর ১২টার দিকে কালিয়া উপজেলার জয়নগর ইউনিয়নের গাছবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ লিটন শেখ নামের এক ব্যক্তিকে আটক করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গাছবাড়িয়া গ্রামের ছানছার মুন্সি জয়নগর ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী চৌধুরী আলাউদ্দীন মুন্সির পক্ষে নির্বাচনী কাজ করছেন। ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী কাজী আইউব হোসেনের সমর্থকেরা তাঁকে নৌকার পক্ষে কাজ না করার জন্য হুমকি দেন। শনিবার দুপুর ১২টার দিকে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক অদুদ মুন্সির ছেলে মানি মুন্সির নেতৃত্বে ১০ থেকে ১২ জন ছানছার মুন্সির বাড়িতে ঢুকে তাঁকে খুঁজতে থাকেন। এ সময় ছানছার মুন্সির স্ত্রী পারুল বেগম প্রতিবাদ করলে তাঁরা তাঁকে গাছের সঙ্গে বেঁধে মারধর করেন।
স্বতন্ত্র প্রার্থী কাজী আইউব হোসেন বলেন, এলাকার মুন্সি গোষ্ঠীর মধ্যকার দ্বন্দ্বের কারণে এ ধরনের অমানবিক ঘটনা ঘটেছে। তিনি দাবি করেন, ‘আমার জনসমর্থন এবং নির্বাচনী পরিবেশ নষ্ট করার জন্য আওয়ামী লীগের প্রার্থী চৌধুরী আলাউদ্দীন মুন্সি এটাকে নির্বাচনী কাজে ব্যবহার করছেন।’ কাজী আইউব হোসেন বলেন, ‘ঘটনার সঙ্গে আমার কোনো কর্মী-সমর্থকের সংশ্লিষ্টতা নেই।’
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লস্কর জায়াদুল হক বলেন, এ ধরনের একটি অমানবিক ঘটনার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পারুল বেগম ৮০ জনের বিরুদ্ধে রোববার মামলা করেছেন।