স্বামী ফিরলেন না, লাশ নিয়ে এল অ্যাম্বুলেন্স

রোববার রাত নয়টা। নাজমুন নাহার স্বামীর অপেক্ষায় রয়েছেন। আধা ঘণ্টার মধ্যে তাঁর ঘরে ফেরার কথা। রাতের খাবার পরিবেশনের প্রস্তুতি নিচ্ছেন তিনি। কিন্তু রাতে আর ফিরলেন না স্বামী।
গতকাল সোমবার বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার দক্ষিণ মজুপুর গ্রামে নাজমুন নাহারের বাড়িতে একটি অ্যাম্বুলেন্স এসে থামে। স্বজন-প্রতিবেশীরা মিলে গাড়ি থেকে একটি কফিন বাড়ির উঠোনে নিয়ে রাখেন। কফিনের ভেতরের প্রাণহীন মানুষটিই নাজমুনের স্বামী লিটন হোসেন (২৭)।

২০০৮ সালে মুঠোফোনের মাধ্যমে নাটোরের লিটনের সঙ্গে নাজমুনের পরিচয়। এর পর বিয়ে। পাঁচ বছরের ছেলে শিফাত হোসেনকে নিয়ে গত তিন মাস ধরে শ্বশুরবাড়িতে ছিলেন লিটন। দিনমজুরির কাজ করতেন তিনি। শ্রমিক হিসেবে বিভিন্ন জায়গায় কাজ করে সংসার চালাতেন। গত কিছুদিন মজু চৌধুরী এলাকার একটি বালুমহালে কাজ করতেন। রোববার সকালেও কাজে যান।
নাজমুন নাহার জানান, রোববার রাতে সিএনজিতে ওঠার আগে লিটন মুঠোফোনে তাঁর সঙ্গে শেষবারের মতো কথা বলেন। রাতে বাসায় ফিরে ভাত খাওয়ার কথা বলেই ফোন রেখে দেন। তিনি বলেন, ‘হরতালকারীদের বোমা আমার সর্বনাশ করে দিয়েছে। কে দেখবে আমার সংসার, কে দেখবে আমার ছেলেটিকে?’
পরিবার ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, রোববার রাত নয়টার দিকে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে সরকারি মহিলা কলেজ এলাকায় দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় লিটনসহ চারজন দগ্ধ হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। লিটনের অবস্থার অবনতি হওয়ায় রাতেই ঢাকায় নেওয়ার পথে গতকাল ভোরে তাঁর মৃত্যু হয়।
রোববার রাতে লিটনের সঙ্গে পেট্রলবোমা হামলায় দগ্ধ লক্ষ্মীপুর পৌরসভার মজুপুর গ্রামের আশেক এলাহী, সুমন, আবদুল করিম দগ্ধ হন। তাঁদের মধ্যে আব্দুল করিম ও আশেক এলাহী লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।