চুয়াডাঙ্গায় বিয়ের কাবিননামা জালিয়াতি করে বিয়ে অস্বীকারের ঘটনায় এক স্বামী, বিবাহ নিবন্ধক (কাজি) ও কাজির তিন সহযোগীকে কারাগারে পাঠানো হয়েছে।
চুয়াডাঙ্গা সদর উপজেলার শিরিনা খাতুন (২০) গত এপ্রিল মাসে তাঁর স্বামীকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। ওই মামলায় বিচারক গত বৃহস্পতিবার আসামিদের কারাগারে পাঠান।
কারাগারে পাঠানো পাঁচজন হলেন মামলার প্রধান আসামি ও বাদীর স্বামী সদর উপজেলার ফুলবাড়ী গ্রামের হাবিবুর রহমান (২৫), চুয়াডাঙ্গা পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বিবাহ নিবন্ধক নাসির উদ্দিন (৪০) এবং তাঁর সহযোগী আরামপাড়ার নাজমুল হক (৪৭), পলাশপাড়ার আকরাম হোসেন (৪২) ও তাঁর (আকরাম) শ্যালক আবদুল হালিম (৩৫)।
মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আলমগীর হোসেন বলেন, গত বছরের শেষ দিকে শিরিনার সঙ্গে হাবিবুরের বিয়ে হয়। দাম্পত্য কলহের জের ধরে মামলার বাদী শিরিনা আদালতে বিবাহ নিবন্ধকের সিল ও স্বাক্ষরসংবলিত বিয়ের কাবিননামা আদালতে জমা দেন। কিন্তু আসামি হাবিবুর কাবিননামা অস্বীকার করে শিরিনাকে বিয়ে করেননি বলে দাবি করেন। কিন্তু তদন্তে আদালত জানতে পারেন, চুয়াডাঙ্গার আরামপাড়ার নাজমুল হক বিবাহ নিবন্ধক নাসির উদ্দিন ও সহযোগী আকরাম হোসেনের উপস্থিতিতে মেয়েটির বিয়ে পড়িয়েছেন এবং আবদুল হালিম কাবিননামা লিখেছেন। কিন্তু আসামিপক্ষের কাছ থেকে সুবিধা নিয়ে তাঁরা কৌশলে নিকাহ নিবন্ধন বই থেকে সংশ্লিষ্ট পাতাটি সরিয়ে ফেলেন। সংঘবদ্ধ এ চক্রের বিরুদ্ধে আদালত সমন জারি করেন।
গত বৃহস্পতিবার বিবাহ নিবন্ধক, তাঁর তিন সহযোগী এবং হাবিবুর আদালতে হাজির হলে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক, জেলা ও দায়রা জজ বিপ্লব গোস্বামী তাঁদের কারাগারে পাঠান। সেই সঙ্গে সদর থানার ওসিকে চক্রটির বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী মামলা করার নির্দেশ দেন।