স্বামী, শাশুড়িসহ সাতজনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বোয়ালখালীতে মা-মেয়ের লাশ উদ্ধারের ঘটনায় স্বামী, শাশুড়িসহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। নিহত শেলী শীলের মা মিনতি রানী শীল বাদী হয়ে গত মঙ্গলবার রাতে এ মামলা করেন। রাতেই আসামি শাশুড়ি সবিতা রানী শীলকে গ্রেপ্তার করে পুলিশ।

আরেক আসামি সুকুমার শীলকে গতকাল বুধবার দুপুরে পটিয়ার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি সবিতা রানীর ভাই। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।

 চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গতকাল দুপুরে মা-মেয়ের লাশের ময়নাতদন্ত হয়েছে। পরে দুজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

মঙ্গলবার সকালে বোয়ালখালীর দক্ষিণ সারোয়ারতলী এলাকার শীলপাড়ার অসীম শীলের ঘর থেকে তাঁর স্ত্রী শেলী শীল ও পাঁচ বছর বয়সী মেয়ে অন্তরা শীলের লাশ উদ্ধার করে পুলিশ। ঘরের মধ্যে খাটের ওপর ছিল অন্তরার লাশ। আর ফ্যানের সঙ্গে ঝোলানো ছিল শেলীর লাশ।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, শেলী শীলকে হত্যা করা হয়েছে, নাকি তিনি আত্মহত্যা করেছেন, ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত সে বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে শিশুটিকে খুন করা হয়েছে। ঘটনার পর থেকে নিহত নারীর স্বামী অসীম শীল পলাতক। এ কারণে তাঁকেও পুলিশ সন্দেহ করছে।

ওসি সালাউদ্দিন বলেন, লাশ উদ্ধারের ঘটনায় মিনতি রানী শীল বাদী হয়ে নিহত নারীর স্বামী, শাশুড়ি, মামাশ্বশুর, দুই ননদ, তাঁদের স্বামীসহ সাতজনকে আসামি করেছেন। যৌতুক না পেয়ে আসামিরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

শেলীর ভাই সুজন শীল গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, যৌতুকের জন্য প্রায়ই তাঁর বোনকে মারধর করতেন স্বামী অসীম। বছর খানেক আগে প্রচণ্ড মারধরের কারণে তাঁর বোনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি দাবি করেন, তাঁর বোনকে হত্যার পর ফ্যানের সঙ্গে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করেছেন শ্বশুরবাড়ির লোকজন।