প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার দুপচাঁচিয়ায় প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ৫০০ গ্রাম হেরোইনসহ স্বামী ও স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক মনিরুজ্জামান গতকাল বুধবার দুপুরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করেন। গ্রেপ্তার হওয়া তাইনুস আলী (৩৮) ও তাঁর স্ত্রী হালিমা বেগম (৩০) চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ধানশুরা গ্রামের বাসিন্দা। থানা সূত্রে জানা যায়, তাঁরা মোটরসাইকেলে করে নাচোল সীমান্ত এলাকা দিয়ে জয়পুরহাটের আক্কেলপুর হয়ে দুপচাঁচিয়া আসছিলেন। গোপন সূত্রের ভিত্তিতে দুপচাঁচিয়ার মত্তুর্জাপুর এলাকায় তাঁদের গ্রেপ্তার করে এসব হেরোইন উদ্ধার করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা করা হয়েছে।