স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার
ফরিদপুরে সদর উপজেলা থেকে স্বামী ও স্ত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার মাচ্চর ইউনিয়নের শিবরামপুর গ্রাম থেকে দম্পতির মৃতদেহ উদ্ধারের এ ঘটনা ঘটে। স্ত্রীকে হত্যা করার পর স্বামী আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ।
এলাকাবাসী জানিয়েছেন, স্বামী মনসুর শেখের (৫৫) মৃতদেহ নিজ বাড়িসংলগ্ন বাগানের একটি কাঁঠালগাছে গলায় রশি বাধা ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। স্ত্রী জাহানারা বেগমের (৪৫) মৃতদেহ বাড়ির একটি কক্ষে খাটের ওপর গলায় গামছা প্যাঁচানো অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
মনসুর শেখ একজন মুদি ব্যবসায়ী। শিবরামপুর বাজারে তাঁর মনসুর স্টোর নামের একটি দোকান আছে। নিহত দম্পতির দুই ছেলেমেয়ে। দুজনেই বিবাহিত। ছেলে ঝিন্টু শেখ (২৯) ঢাকায় ভাড়ায় অটোরিকশা চালান। মেয়ে জেসমিন (২৭) পাশের মাঝারকান্দি গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করেন।
আজ সকাল ছয়টার দিকে প্রতিবেশী মোতালেব প্রথমে মনসুরকে বাড়ির পাশের বাগানে একটি কাঁঠালগাছে গলায় রশি বাধা ঝুলন্ত অবস্থায় দেখতে পান। ওই প্রতিবেশীর কাছ থেকে খবর পেয়ে অন্য প্রতিবেশীরা নিহত দম্পতির বাড়িতে ছুটে যান। সেখানে গিয়ে তাঁরা নিহত দম্পতির শোয়ার কক্ষ বাইরে থেকে ছিটকিনি দিয়ে লাগানো অবস্থায় দেখতে পান। ছিটকিনি খুলে কক্ষে ঢুকে করে তাঁরা খাটের ওপর জাহানারা বেগমের লাশ পড়ে থাকতে দেখেন। তাঁর গলায় গামছা প্যাঁচানো ছিল।
মনসুরের ভাড়াটে মো. নূর ইসলাম জানান, মনসুর ও জাহানারার মধ্যে প্রতিদিনই পারিবারিক নানা কারণে ঝগড়া হতো। গতকাল বুধবার রাত ১২টা পর্যন্ত তাঁদের ঝগড়া করতে শোনা গেছে। সকালে ঘুম থেকে উঠে তিনি দুজনের মৃতদেহ পাওয়া গেছে বলে জানতে পারেন।
মনসুরের মেয়ে জেসমিন জানান, তাঁর ভাইকে নিয়ে তাঁর মা-বাবার মধ্যে অনেক দিন ধরে কলহ চলছে। চার বছর আগে তাঁর ভাই ঝিন্টুর সঙ্গে লাবণী আক্তারের বিয়ে হয়। বিয়ের ছয় মাস পর লাবণী স্বামী, শ্বশুর ও শাশুড়িকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। প্রায় চার লাখ টাকা খরচ করে এ মামলা নিষ্পত্তি হয়। লাবণীর সঙ্গে ঝিন্টুর বিবাহবিচ্ছেদও হয়ে যায়। পরে ঝিন্টু চার মাস আগে আবার লাবণীকে নিয়ে ঢাকায় সংসার শুরু করেন।
জেসমিন আরও বলেন, মামলার কারণে প্রচুর ঋণ হয়ে যাওয়ায় মা-বাবার মধ্যে কলহ চলছিল। এর জের ধরেই এ মৃত্যুর ঘটনা ঘটেছে।
এদিকে দম্পতির মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিমউদ্দিন। তিনি বলেন, পারিবারিক কলহের কারণে মনসুর প্রথমে স্ত্রী জাহানারাকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা করেন বলে ধারণা করা যাচ্ছে। দুজনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।