স্বামী-স্ত্রীসহ ৩ জন দগ্ধ, পাল্টাপাল্টি অভিযোগ
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় কমলপুর মহল্লার একটি বাড়িতে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। প্রাথমিকভাবে তাঁরা ‘অ্যাসিডে দগ্ধ’ হয়েছেন বলে ধারণা করছেন চিকিৎসক। ‘অ্যাসিড ছোড়া’ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন স্ত্রী ও স্বামী।
গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিরা হলেন স্বামী মো. শাওন (৩০), তাঁর স্ত্রী জাহানারা বেগম (৪৫) ও জাহানারার প্রথম পক্ষের ছেলে জাহাঙ্গীর মিয়া (১৫)। তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলছে, তিন বছর আগে শাওন ও জাহানারার বিয়ে হয়। বিয়ের পর জাহানারা ও তাঁর প্রথম পক্ষের তিন সন্তানের সঙ্গে শাওন একই বাড়িতে বাস করছিলেন। গতকাল রাত ১১টার দিকে চিৎকার শুনে প্রতিবেশীরা তাঁদের বাড়িতে যান। সেখানে গিয়ে দেখেন শাওন, জাহাঙ্গীর ও জাহানারা চিৎকার করছেন। জাহানারার মেয়ে সেতু (১০) ও মিতু (১২) তাঁদের শরীরে পানি ঢালছেন। এ সময় শাওন ও জাহানারা একে অন্যের দিকে অ্যাসিড ছুড়েছেন বলে পাল্টাপাল্টি অভিযোগ করেন।
প্রতিবেশীরা তাঁদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে রাত ১২টার দিকে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আজ রোববার দুপুরে কমলপুর মহল্লার ভাড়া বাড়িতে গিয়ে কক্ষটি তালাবদ্ধ দেখা যায়। বাড়ির মালিক রতন মিয়া জানান, পরিবারটি অল্প কিছুদিন আগে তাদের বাসা ভাড়া নিয়েছে। এ কারণে তাদের সম্পর্কে স্পষ্ট ধারণা নেই। চিৎকারের শব্দ পেয়ে গিয়ে দেখেন, একটি কক্ষের মেঝেতে তরল পদার্থ ভাসছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়ার বাসিন্দা সালেহা বেগম (৫৫) বলেন, শাওন নেশা করতেন। গতকাল রাত ১০টার পর ঘরে এসেই নেশা করছিলেন। এ সময় স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে শাওন গ্যালন হাতে এগিয়ে এসে জাহানারার শরীরে অ্যাসিড ঢেলে দেন। বাধা দিতে গেলে জাহানারার ছেলে জাহাঙ্গীরও দগ্ধ হয়।
সালেহা বেগমের ভাষ্য, পরে তিনিও বাধা দেওয়ার চেষ্টা করেন। তখন তাঁর পা সামান্য দগ্ধ হয়। রাতেই সালেহা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ভৈরব হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, গতকাল রাত পৌনে ১১টার দিকে তিনজন একসঙ্গে হাসপাতালে আসেন। জাহানারার শরীরের শতকরা ৪৫ ভাগ, শাওনের ২০ ভাগ আর জাহাঙ্গীরের ৭ ভাগ পুড়ে গেছে। প্রাথমিকভাবে তাঁরা অ্যাসিডে দগ্ধ বলে মনে হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাইদুজ্জামান বলেন, পর্যবেক্ষণে প্রাথমিকভাবে মনে হয়েছে, তাঁরা প্রত্যেকে অ্যাসিডে দগ্ধ হয়েছেন।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ নিয়ে আসেননি।