স্বামী হত্যার অভিযোগে ভাইকে আসামি করে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে স্বামীকে হত্যার অভিযোগে ভাইকে আসামি করে মামলা করেছেন এক নারী।
গত সোমবার চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার টেরিবাজার এলাকার আফিনি গলির বাসার ভেতর থেকে অঞ্জন ধর নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। এর আগে অঞ্জন ধরের শ্যালক বাবলু ধর কোতোয়ালি থানায় এসে বলেন তিনি ভগ্নিপতিকে হত্যা করেছেন। অঞ্জন ধর নগরের হাজারি গলির একটি সোনার দোকানের কারিগর ছিলেন। বাবলু ধরও একই দোকানে কাজ করতেন।
পুলিশ জানায়, গত সোমবার রাতে নিহত অঞ্জন ধরের স্ত্রী প্রিয়াঙ্কা ধর চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় মামলা করেন। মামলায় আসামি করা হয় তাঁর ভাই বাবলু ধরকে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন প্রথম আলোকে বলেন, স্বামীকে হত্যার অভিযোগে প্রিয়াঙ্কা ধর তাঁর ভাই বাবলুকে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন। মামলার তদন্ত শুরু হয়েছে। তিনি জানান, গ্রেপ্তার বাবলু ধর ভগ্নিপতিকে হত্যার কথা স্বীকার করে মঙ্গলবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। পরে তাঁকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।