বরগুনার বেতাগী উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষককে (৩০) স্কুলেরই একটি কক্ষে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় ওই শিক্ষকের স্বামীকে মারধর করে সেখানে আটকে রাখা হয়। গত বৃহস্পতিবার বিদ্যালয় ছুটির পর এ ঘটনা ঘটে। ওই দিন রাতেই ছয় যুবককে আসামি করে বেতাগী থানায় মামলা করেছেন ওই শিক্ষক।
এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে উত্ত্যক্ত করার বিচার দেওয়ায় কয়েকজন বখাটে এক কলেজছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবারের এ ঘটনায় মামলার পর পুলিশ গতকাল শুক্রবার এক আসামিকে গ্রেপ্তার করেছে।
শিক্ষককে ধর্ষণ
বরগুনার বেতাগীতে ধর্ষণের শিকার শিক্ষককে গতকাল শুক্রবার দুপুরে ডাক্তারি পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় দায়ের করা মামলার আসামিরা হলেন সুমন বিশ্বাস (৩৫), রাসেল (২৪), সুমন কাজী (৩০), মো. রবিউল (১৮), হাসান (২৫) ও মো. জুয়েল (৩০)। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বলেন, এই যুবকেরা এলাকায় নানা অপকর্মের সঙ্গে জড়িত এবং স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের পরিচয় দিয়ে নানা অপকর্ম করে বেড়ান।
তবে বেতাগী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘ওই যুবকেরা কেউ আওয়ামী লীগ করে না। দলে ওদের কোনো পদ নেই। ওদের সন্ত্রাসী কর্মকাণ্ডে আমার ইউনিয়নের লোকজন অতিষ্ঠ।’
শিক্ষককে ধর্ষণ ও তাঁর স্বামীকে মারধরের ঘটনার প্রতিবাদে আজ শনিবার থেকে সোমবার পর্যন্ত উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা কালো ব্যাজ ধারণ এবং আগামী মঙ্গলবার মানববন্ধন কর্মসূচি পালন করবেন। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি থেকে এসব কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গতকাল সন্ধ্যায় মুঠোফোনে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সেলিম আহমেদ প্রথম আলোকে এই তথ্য জানান।
ধর্ষণের শিকার শিক্ষকের ভাই গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, দুই বছর আগে তাঁর বোনের বিয়ে হয়। সম্প্রতি তাঁর ভগ্নিপতি তাঁদের বাড়িতে বেড়াতে আসেন। বৃহস্পতিবার ছুটির পর তাঁর বোন বেলা আড়াইটার দিকে বিদ্যালয়ে বসে অর্ধবার্ষিক পরীক্ষার উত্তরপত্র দেখছিলেন। বাড়ি ফিরতে দেরি হওয়ায় খোঁজ নিতে তাঁর স্বামী সেখানে যান। স্কুলের দোতলার বারান্দায় দাঁড়িয়ে কথা বলার সময় এলাকার অন্তত ছয় যুবক সেখানে যান এবং নিচতলার গেটের (কলাপসিবল) তালা খুলে দিতে বলেন। তাঁর বোন (শিক্ষক) তালা খুলতে রাজি না হলে ওই যুবকেরা ভবনের শৌচাগারের পাইপ বেয়ে একে একে দোতলায় উঠে আসেন। তাঁরা শিক্ষকের স্বামীকে মারধর করে একটি কক্ষে আটকে রাখেন। এরপর শিক্ষককে আরেকটি কক্ষে নিয়ে ধর্ষণ করেন। স্বামী-স্ত্রীর চিৎকার শুনে এলাকার লোকজন ছুটে এলে ওই যুবকেরা শৌচাগারের পাইপ বেয়ে নেমে পালিয়ে যান।
প্রত্যক্ষদর্শী এলাকার এক নারী বলেন, ‘শিক্ষক ও তাঁর স্বামীর চিৎকার শুনে আমি বিদ্যালয়ের সামনে ছুটে আসি। আরও কয়েকজন ছুটে আসেন। এ সময় কয়েকজন যুবককে পাইপ বেয়ে নিচে নেমে পালিয়ে যেতে দেখি।’
শিক্ষকের ভাই আরও বলেন, ঘটনার পর তাঁর বোন ও বোনের স্বামী সরাসরি বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে যান এবং তাঁকে বিষয়টি অবহিত করেন। তিনি বেতাগী থানা-পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। বৃহস্পতিবার রাতেই ওই ছয় যুবকের বিরুদ্ধে মামলা করেন।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন অর রশিদ বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
কলেজছাত্রীকে ধর্ষণ
মামলার এজাহার ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, উপজেলার একটি কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীকে কলেজে আসা–যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছিল স্থানীয় বখাটে কাউসারের নেতৃত্বে নুরে আলম ও জুলহাস। বিষয়টি ওই ছাত্রী তার বাবাকে জানায়। ওই ছাত্রীর বাবা বিষয়টি কাউসারের বাবাকে জানালে সে (কাউসার) ক্ষিপ্ত হয়ে ওঠে। বৃহস্পতিবার বিকেলে কলেজ ছুটির পর বাড়িতে ফেরার পথে ওই ছাত্রীর পথরোধ করে নুরে আলম, জুলহাস, মনির হোসেন, নয়ন ও আলমাছ নামের কয়েকজন বখাটে। এরপর তাকে জোরপূর্বক তুলে নিয়ে পূর্বাচল উপশহরের একটি নির্জন স্থানে কয়েকজন মিলে ধর্ষণ করে ফেলে রেখে পালিয়ে যায়। তখন মেয়েটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে যায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কিন্তু অবস্থার অবনতি হলে গতকাল সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে গতকাল দুপুরে রূপগঞ্জ থানায় মামলা করেছেন। বিকেলে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বখাটে আলমাছকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।