মৌলভীবাজারের কমলগঞ্জে স্বামীকে গাছের সঙ্গে বেঁধে রেখে প্রতিপক্ষের লোকজন তাঁর সামনেই স্ত্রীকে বিবস্ত্র করে বেধড়ক পিটুনি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে।
ঘটনার শিকার গৃহবধূর (৩৫) বাড়ি উপজেলার পতনঊষার ইউনিয়নের একটি গ্রামে। বর্তমানে তিনি মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় নির্যাতনের শিকার গৃহবধূ গত রোববার একই এলাকার গনি মিয়ার ছেলে সুমন মিয়াসহ চারজনের নাম উল্লেখ করে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ববিরোধের জের ধরে শনিবার রাত আটটার দিকে সুমন মিয়ার নেতৃত্বে কয়েকজন ওই গৃহবধূর বাড়িতে যান। একপর্যায়ে তাঁকে ‘কথা আছে’ বলে ঘর থেকে বের হতে বলেন। বের হওয়ামাত্র তাঁকে টানাহেঁচড়া শুরু করেন তাঁরা। গৃহবধূর চিৎকারে তাঁর স্বামী ঘর থেকে বের হলে তাঁকে গাছের সঙ্গে বেঁধে ফেলা হয়। এরপর স্বামীর সামনেই তাঁকে বিবস্ত্র করে লাঠি ও লোহার রড দিয়ে বেধড়ক পেটানো হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ওই দিন রাতেই কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় গতকাল সোমবার বিকেলে ওই গৃহবধূকে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানান তাঁর স্বামী।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সুমন গতকাল দুপুরে মুঠোফোনে বলেন, নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন। বরং ওই গৃহবধূ ও তাঁর স্বামীই তাঁদের (সুমনের) বাড়িতে হামলা করেছেন।
গৃহবধূর অভিযোগটি তদন্ত করছে কমলগঞ্জ থানার আওতাধীন শমশেরনগর ফাঁড়ির পুলিশ। ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবু সায়েম মো. আবদুর রহমান বলেন, ওই গৃহবধূর কাছ থেকে অভিযোগ পেয়েছে পুলিশ। তাঁর অভিযোগের তদন্ত চলছে।
মৌলভীবাজারের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোল্লা মো. শাহীন বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।