গৃহবধূ নুসরাত জাহান টুম্পা হত্যার বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক বাজার এলাকায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।
ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে নুসরাতের স্বামী গাজীপুর সিটি করপোরেশনের কাউন্সিলর সোলায়মান মিয়াকে গ্রেপ্তার ও তাঁর ফাঁসির দাবিতে স্লোগান দেয় শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ছয় কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বেলা একটা থেকে মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন নুসরাতের বাবা নজরুল ইসলাম, মা সেলিনা আক্তার, শিক্ষক রবীন্দ্রনাথ গাঙ্গুলী, গাজীপুর সিটি করপোরেশনের কাউন্সিলর শফিকুল আমিন, আজাহারুল ইসলাম মোল্লা ও মো. খলিলুর রহমান। নুসরাত জাহানের ছেলে নির্জন ইসলাম নাফি (৮), নুসরাতের বাবা নজরুল ইসলাম ও মা সেলিনা আক্তার নুসরাত হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। এ ধরনের নির্মম ঘটনা যেন আর না ঘটে, সে জন্য হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানান তাঁরা।