গাজীপুরের জোড়পুকুর এলাকা থেকে গত শুক্রবার দিবাগত রাতে মাসুদ রানা (৩৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ উঠেছে, পরকীয়ার জেরে প্রেমিকের সহায়তায় মাসুদকে ছাদ থেকে ফেলে হত্যা করেছেন তাঁর স্ত্রী। পুলিশ মাসুদের স্ত্রীকে গ্রেপ্তার করেছে।
মুন্সিগঞ্জের মুক্তারপুরের প্রিমিয়ার সিমেন্ট কারখানার সুপারভাইজার মিজানুর রহমান তাহেরের (২০) লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে সদর উপজেলার চরমুক্তারপুরে ধলেশ্বরী নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি তিন দিন আগে নিখোঁজ হন। এ ছাড়া লৌহজং উপজেলায় মাওয়া চৌরাস্তা-সংলগ্ন পুরাতন ঘাট এলাকায় পদ্মা নদী থেকে গতকাল বিকেলে অজ্ঞাতপরিচয় এক নারীর (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
গাজীপুরে নিহত মাসুদের স্ত্রীর বরাত দিয়ে জয়দেবপুর থানার পুলিশ জানায়, গাজীপুর সিটি করপোরেশনের জোড়পুকুর এলাকায় স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন মাসুদ। তাঁর স্ত্রীর সঙ্গে সম্প্রতি স্থানীয় বাউপাড়া এলাকার সাইফুল ইসলাম নামের এক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এতে বাধা দেওয়ায় মাসুদকে হত্যার পরিকল্পনা করেন তাঁর স্ত্রী ও প্রেমিক সাইফুল। পরে তাঁরা সহযোগীদের নিয়ে শুক্রবার রাতে মাসুদকে মারধর করে ছয়তলা ভবনের ছাদ থেকে নিচে ফেলে দেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তিনি গাজীপুর সিটি করপোরেশনের ভাওরাইদ এলাকার আবদুল আলীর ছেলে।
গাজীপুরের শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে মাসুদের লাশের ময়নাতদন্ত হয়েছে। হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) আবদুস সালাম সরকার জানান, নিহত ব্যক্তির চোয়াল, কপাল ও মেরুদণ্ডের বেশ কয়েকটি হাড় ভাঙা। মাথাও থেঁতলানো। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান জানান, এ ঘটনায় মাসুদের বাবা থানায় মামলা করেছেন। পুলিশ মাসুদের স্ত্রীকে গ্রেপ্তার করেছে। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মুন্সিগঞ্জে নিহত মিজান পশ্চিম মুক্তারপুরে প্রিমিয়ার সিমেন্ট কারখানার কাছে ভাড়া থাকতেন। গত ২৪ ফেব্রুয়ারি তিনি মুঠোফোনে কথা বলতে বলতে বাসা থেকে বের হন। এরপর আর বাসায় ফেরেননি। শুক্রবার রাত সাড়ে নয়টার তাঁর লাশ উদ্ধার হয়। মিজানের গ্রামের বাড়ি নেত্রকোনার দুর্গাপুর উপজেলায়।
মুক্তারপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. মোশারফ হোসেন জানান, মিজানের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে এ হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। এ ঘটনায় মিজানের বাবা আবুল বাশার মুন্সিগঞ্জ থানায় মামলা করেছেন। লাশটি মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
লৌহজং থানার এসআই হযরত আলী জানান, গতকাল বিকেলে পদ্মা নদী থেকে উদ্ধার করা অজ্ঞাতপরিচয় এক নারীর (৪০) লাশটি তিন-চার দিন আগের। ধারণা করা হচ্ছে, এটি পাটুরিয়ায় লঞ্চডুবির ঘটনায় নিখোঁজ কোনো যাত্রীর। লাশটি থানায় রাখা আছে।