স্বামীকে ছাড়িয়ে আনতে ২০০ লোক নিয়ে স্ত্রীর থানা ঘেরাও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী স্বামীকে ছাড়িয়ে আনতে প্রায় ২০০ লোক নিয়ে থানা ঘেরাওয়ের চেষ্টা করেছেন এক স্ত্রী। গতকাল শনিবার কক্সবাজারে টেকনাফ থানার সামনে এ ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের বেশির ভাগই ছিলেন নারী। তাঁরা থানার ফটকের সামনে অবস্থান নিয়ে প্রায় আধা ঘণ্টা বিক্ষোভ করেন।

গত শুক্রবার রাতে পুলিশ টেকনাফের হ্নীলা বাসস্টেশন এলাকা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী জামাল হোসাইনকে গ্রেপ্তার করে। তিনি হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্যও। তাঁর বিরুদ্ধে থানায় মামলা রয়েছে ছয়টি। এর মধ্য তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

গতকাল দুপুর ১২টার দিকে জামালের স্ত্রী খুরশিদা বেগমের নেতৃত্বে প্রায় ২০০ নারী-পুরুষ মিছিল নিয়ে টেকনাফ থানার মূল ফটকের সামনে অবস্থান নেন। নারীদের অনেকের কোলে ছিল শিশু। কারও কারও হাতে ছিল জামালের মুক্তির দাবিতে লেখা নানা ব্যানার ও প্ল্যাকার্ড। একপর্যায়ে মিছিলটি থানার ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ ফটক বন্ধ করে দেয়। পরে পুলিশের একটি দল বাঁশি বাজিয়ে ও ধাওয়া করে তাদের ছত্রভঙ্গ করে।

পুলিশ জানায়, থানার ফটকে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন ফরিদ আলম, নুর মোহাম্মদ, শামসুল আলম ও হোসনে আরা। তাঁদের বাড়ি টেকনাফের হ্নীলার আলীখালী গ্রামে। বিকেলে তাঁদের টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ হোসেনের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। সরকারি কাজে বাধা ও বিশৃঙ্খলা সৃষ্টি করার অপরাধে প্রত্যেককে এক মাস করে সাজা দিয়ে তাঁদের কক্সবাজার কারাগারে পাঠানোর নির্দেশ দেন তিনি।

এদিকে থানা ঘেরাও করতে আসা রোহিঙ্গা মো. সেলিম, আবদুল গফুর ও বেগম বাহার প্রথম আলোকে বলেন, জনপ্রতি ৩০০ টাকা দিয়ে রোহিঙ্গা ক্যাম্প থেকে তাঁদের থানার সামনে আনা হয়। জামালের এক ছেলে টাকা দিয়েছেন বলে তাঁরা দাবি করেন।

টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) শেখ আশরাফুজ্জামান প্রথম আলোকে বলেন, গ্রেপ্তারের পর শুক্রবার রাতে জামালকে নিয়ে তাঁরা বিভিন্ন জায়গায় অভিযান চালান। হ্নীলা ইউনিয়নের আলীখালী গ্রামে জামালের বাড়ির পেছনের একটি ঘর থেকে ১৫ হাজার ইয়াবা বড়ি, একটি বন্দুক ও চারটি গুলি উদ্ধার করেন তাঁরা। গতকাল বিকেলে জামালকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।