স্বামীকে পিটিয়ে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার লাকসাম পৌরসভার পশ্চিমগাঁও পুরান বাজার শিশু নিকেতন স্কুলসংলগ্ন এলাকায় সৈয়দ আল আমিন সালমান (৩০) নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। গতকাল বুধবার ভোর সাড়ে চারটায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত ব্যক্তির বাবা সালমানের স্ত্রী ফারজানা আক্তার প্রীতিকে আসামি করে থানায় মামলা করেছেন। ফারজানাকে পুলিশ গ্রেপ্তার করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাত বছর আগে কুমিল্লার আদর্শ সদর উপজেলার গোলাবাড়ি গ্রামের সৈয়দ হাফেজ আহম্মেদের ছেলে সৈয়দ আল আমিন সালমানের সঙ্গে লাকসাম পশ্চিমগাঁও মিয়াপাড়া এলাকার বাদল মিয়ার মেয়ে ফারজানা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে সালমান লাকসামেই স্ত্রীর সঙ্গে থাকতেন। স্বামী-স্ত্রী দুজনের বিরুদ্ধে মাদক বিক্রি, চুরি, ছিনতাইসহ নানা ধরনের অভিযোগ রয়েছে। গতকাল ভোরে দুজনের মধ্যে ঝগড়া লাগে। পরে ফারজানা কয়েকজন সঙ্গী নিয়ে এসে সালমানের মাথায় ও শরীরে ইট দিয়ে আঘাত করেন। পরে ছাদ থেকে নিচে ফেলে দেন। আহত অবস্থায় তাঁকে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পরে ফারজানাকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় ফারজানাকে একমাত্র আসামি করে ও অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে লাকসাম থানায় হত্যা মামলা হয়।
নিহত ব্যক্তির বাবা সৈয়দ হাফেজ আহম্মেদ বলেন, ‘আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।’
তবে ফারজানা আক্তার অভিযোগ অস্বীকার করে বলেন, ছাদ থেকে পড়ে সালমান মারা যান।
লাকসাম থানার পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দিন বলেন, স্বামী-স্ত্রী দুজনেই মাদক ব্যবসাসহ নানা ধরনের অপকর্মে জড়িত। প্রাথমিকভাবে জানা গেছে, কলহের জের ধরে ফারজানাই দলবল নিয়ে তাঁর স্বামীকে পিটিয়ে হত্যা করেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ ফারজানাকে গ্রেপ্তার করেছে। তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে।