স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে ধর্ষণ, 'মূল হোতা' গ্রেপ্তার
রাজধানীর রামপুরায় স্বামীকে বেধে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় নাইম ওরফে চোরা নাইম (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, নাইম এ ঘটনার মূল হোতা। এ নিয়ে এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হলো।
আজ মঙ্গলবার সন্ধ্যায় রামপুরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে আবদুর রহমান ও মো. শরীফ নামে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়।
গত শুক্রবার সকালে রামপুরার পলাশবাগ এলাকায় স্বামীকে বেঁধে গৃহবধূকে ধর্ষণ করে কয়েকজন দুর্বৃত্ত। ঘটনার পর ধর্ষণের শিকার নারীর স্বামী চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে রামপুরা থানায় ধর্ষণের মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর ভূঁইয়া প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার নাইম ঘটনার মূল হোতা। আগেও অনেক চুরির মামলায় তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। কিন্তু প্রতিবারই তিনি জামিনে বের হয়ে অপরাধমূলক কাজে লিপ্ত হন।
এসআই আলমগীর আরও বলেন, এর আগে গ্রেপ্তার হওয়া আবদুর রহমান ও মো. শরীফ পুলিশি রিমান্ডে আছেন। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ আটক নাইমকেও রিমান্ডে এনে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে।