স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার চরফ্যাশন উপজেলায় গত সোমবার রাতে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ করেছে ছয় ব্যক্তি। স্থানীয় লোকজন এলে ধর্ষকেরা পালিয়ে যায়। ওই গৃহবধূকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধর্ষণের ঘটনায় গৃহবধূর স্বামী মঙ্গলবার চারজনের নাম উল্লেখ করে ছয়জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন।
গৃহবধূর স্বামী জানান, তাঁদের বাড়ি লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নে। সোমবার বিকেলে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে চরফ্যাশন উপজেলা শহরে কেনাকাটা করতে যান। রাত নয়টার দিকে ফেরার পথে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ওসমানগঞ্জ ইউনিয়নের নায়েবেরপুল বাসস্ট্যান্ডের দক্ষিণে ‘রিয়াজের জুয়ার আসর’ হিসেবে পরিচিত নির্মাণাধীন একটি ভবনের সামনে চারটি মোটরসাইকেলে ধর্ষকেরা তাঁদের পথরোধ করে। তাঁদের জোর করে পাশের ভবনে নিয়ে যায়। তাঁর হাত, পা ও মুখ বেঁধে স্ত্রীকে ধর্ষণ করে ছয়জন। শব্দ শুনে স্থানীয়রা এলে ধর্ষকেরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
পুলিশ এসে স্বামী-স্ত্রীকে উদ্ধার করে এবং গৃহবধূকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সিরাজ উদ্দিন জানান, ওই গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নায়েবেরপুর গ্রামের কয়েকজন বাসিন্দা প্রথম আলোকে জানান, যে ভবনে গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছে, সে ভবনটি স্থানীয় মফিজুল ইসলামের জামাই জাকির হোসেন ওরফে শিমুল কাজ শেষ না করে দীর্ঘদিন ফেলে রেখেছেন। জামাই-শ্বশুর দুজনই ভোলার বাইরে থাকেন। লোকজন সেখানে জুয়া, মাদক সেবনসহ নানা ধরনের অপরাধ করে থাকে। বাড়িটি ‘রিয়াজের জুয়ার আসর’ হিসেবে পরিচিত। ওই আসরের নিয়মিত সদস্য ধর্ষণের শিকার গৃহবধূর স্বামী। ধর্ষণের ঘটনায় তাঁর স্বামীরও হাত থাকতে পারে বা তাঁর জুয়া খেলায় জয়–পরাজয় নিয়েও ধর্ষণের ঘটনা ঘটতে পারে।
চরফ্যাশন থানার পরিদর্শক (তদন্ত) সাঈদুর রহমান জানান, ঘটনার সঙ্গে মামলার বাদীর (গৃহবধূর স্বামী) সম্পৃক্ততা পাওয়া গেলে তাঁকে আসামি করা হবে। এ মুহূর্তে ধর্ষণের শিকার গৃহবধূর বাদী হওয়ার অবস্থা নেই। তিনি গুরুতর অসুস্থ। ভোলা সদর হাসপাতালে তাঁর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে।